ঢাকার বাইরে ১ হাজার চাকরি দেবে কাজী আইটি
তথ্য প্রযুক্তি খাতে ঢাকার বাইরে দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে কাজী আইটি।
বিভাগীয় শহর রাজশাহীতে একটি আইটি সেন্টার স্থাপন করে প্রশিক্ষণের পর এক হাজার জনের চাকরির ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসির) ও কাজী আইটির মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
বিসিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কাজী আইটি একটি সাহসী পদক্ষেপ নিয়েছে।
“আগামীতে দেশে কেমন আইটি ফার্ম গড়ে উঠবে তা কাজী আইটি দেখে কিছুটা আঁচ করা যায়। তারা গতানুগতিক কোনো ধারা অনুসরণ করছে না। তারা কাজ দিয়েই ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে সরকারের ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা তা পূরণে সহায়তা করবে।”
কাজী আইটির প্রধান নির্বাহী মাইক কাজী বলেন, শুধু এই এক হাজার নয়, দক্ষ জনবল পেলে কাজী আইটি আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
“রাজশাহীতে আমাদের অফিস স্পেস নেওয়া হয়েছে এবং এর কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে সেখানে পুরোদমে কাজ শুরুর আশা করছি।”
যশোরে শেখ হাসিনা হাইটেক পার্ক এবং কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সম্ভাব্যতা যাচাই শেষে কাজী আইটি তাদের কার্যালয় স্থাপন করতে পারে বলেও জানান মাইক কাজী।
বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং কাজী আইটির প্রধান নির্বাহী মাইক কাজী সমঝোতা স্মারকে সই করেন।
এ সমঝোতা অনুযায়ী বিসিসি, বিসিসির এলআইসিটি প্রকল্প এবং কাজী আইটি যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবে। প্রশিক্ষণ শেষে দক্ষদের চাকরির ব্যবস্থা করবে কাজী আইটি।
বিসিসি এবং এলআইসিটি প্রকল্প প্রশিক্ষণের অংশ হিসেবে ট্রেনিং ল্যাব, মডিউল তৈরি, সনদ দেওয়া, প্রচার-প্রচারণা ও অন্যান্য কারিগরি সহায়তা দেবে। আর কাজী আইটি প্রশিক্ষক নিয়োগ করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
চুক্তি অনুযায়ী কাজী আইটি আগামী দুই বছরে প্রশিক্ষণ পাওয়াদের মধ্যে থেকে এক হাজার জনকে নিয়োগ দেবে।
তবে নিয়োগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতাকেই বেশি প্রাধান্য দেবে তারা।এক্ষেত্রে স্নাতকদের সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলআইসিটি প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ এবং তথ্য প্রযুক্তি বিভাগ ও কাজী আইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
