২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিইর সফল পরীক্ষা চালিয়েছে রবি ও এরিকসন

মোবাইল ফোন অপারেটর রবি ও টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন সম্প্রতি রাজধানীতে ‘লং টার্ম ইভাল্যুয়েশন (এলটিই) প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2017, 04:19 PM

Updated : 11 Apr 2022, 11:29 PM

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এলটিই সেবার প্রস্তুতি গ্রহণের পদক্ষেপ হিসেবে এ পরীক্ষাটি চালানো হয়।

পাশাপাশি এটি এরিকসন বাংলাদেশের জন্যও একটি মাইলফলক এবং বাংলাদেশের টেলিযোগাযোগ বাজার যে এলটিই প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে তারই প্রতিফলন বলে মনে করে রবি।

হাইডেফিনেশন (এইচডি) টিভি ও ভিডিও কনফারেন্সিংয়ের মতো ব্রডব্যান্ড অ্যাপ্লিকেশন সেবাগুলো গ্রহণের ক্ষেত্রে ফোর-জি কী ভূমিকা রাখতে পারে সে দিকটি মাথায় রেখেই এই প্রস্তুতিমূলক পরীক্ষাটি চালানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    #মোবাইল ফোন হ্যান্ডসেটে এক হাজার ৮০০ ও দুই হাজার ১০০ মেগাহার্জ ব্র্যান্ডের সমন্বয়ে এ পরীক্ষাটি চালানো হয়েছে

    #এসময় মোবাইল ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডের গতি রেকর্ড করা হয় ৯০ এমবিপিএস এর বেশি

    #দেশের আরো কয়েকটি শহরে এ পরীক্ষা চালানো হবে

এক হাজার ৮০০ ও দুই হাজার ১০০ মেগাহার্টজ ব্র্যান্ডের সমন্বয়ে সর্বাধুনিক মোবাইল ফোন হ্যান্ডসেটে পরীক্ষাটি পরিচালিত হয়। এসময় ব্যবহার করা হয়েছে রেডিও আরআরইউএস ১২’র সাথে সর্বাধুনিক এরিকসন এলটিই ১৬বি সল্যুশন এবং বেসব্যান্ড ৫২১৬।

একজন মোবাইল ফোন গ্রাহক কীভাবে ৯০ এমবিপিএস বা এরও বেশি উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারেন এ পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়েছে। শিগগিরই দেশের অন্যান্য শহরে এ পরীক্ষামূলক কার্যক্রম চালাবে এরিকসন ও রবি।

রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ফোর-জি বা এলটিই প্রযুক্তি গ্রহণের জন্য উপযোগী স্মার্টফোন ব্যবহারের হার কম থাকার মতো কিছু সীমাবদ্ধতার পরও ইন্টারনেটের উচ্চগতির জন্য গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদাকে আমরা সাধুবাদ জানাই, যা এই প্রযুক্তির মাধ্যমেই পূরণ করা সম্ভব।

“তবে ফোর-জি প্রযুক্তি গ্রহণের জন্য সরকার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যে কর্মকাঠামোর প্রস্তাব করেছে তা এই ব্যবসা প্রসারের জন্য অনুকূল নয়। কিন্তু গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে আমরা এ প্রযুক্তি চালু করতে আগ্রহী। ফোর-জি প্রযুক্তির ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকার অনুগ্রহ করে লাইসেন্সের কর্মকাঠামো পরিবর্তন করবে বলে আমাদের প্রত্যাশা।”

দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ওপর ২০১৬ সালের জুনে প্রকাশিত এরিকসন মোবিলিটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে স্মার্টফোনের গ্রাহক সংখ্যা ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে দ্বিগুণের বেশি হয়ে যাবে।

হেড অব এরিকসন বাংলাদেশ রাজেন্দ্র পানগ্রেকর বলেন, “এ পরীক্ষা এলটিই যুগে রবি ও এরিকসনের দীর্ঘমেয়াদী অংশীদ্বারীত্বের প্রতিফলন। আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে এলটিই সেবা প্রদানে রবির অগ্রযাত্রার সহযোগী, যার ফলে তারা আরও মানসম্মত ও অত্যাধুনিক গ্রাহকসেবা দিতে পারবে।”