উৎসে কর বন্ধের দাবি পোশাক মালিকদের দুই সংগঠনের
তৈরি পোশাক রপ্তানির বিপরীতে উৎসে কর আদায় বন্ধের দাবি জানিয়েছে এ খাতের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছেন এই দুই সংগঠনের নেতারা।
আলোচনায় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “তৈরি পোশাক রপ্তানির উপর থেকে উৎসে কর একেবারে বন্ধ করে দেওয়া উচিত। সেটি না হলে অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ রাখা উচিত।”
এই সুবিধা চাওয়ার কারণ ব্যাখায় তিনি বলেন, “বিশ্ববাজারে গত বছর পোশাকের চাহিদা কমেছে সাড়ে ৭ শতাংশ। এদিকে ভারত সরকার গত বছর পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যবসায়ীদের প্রণোদনা দিচ্ছে। এদিকে আমাদের অবকাঠামো সমস্যা আছে। সারা দিন গ্যাস থাকে না। তারপরও আমরা ডিজেল দিয়ে উৎপাদন অব্যাহত রাখছি।”
তিনি বলেন, পোশাক রপ্তানিতে ১০ বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ছিল। কিন্তু এখন সেটি ৩ শতাংশে এসে থেমে গেছে। রানা প্লাজা ধসের পর এক হাজার ২০০ কারখানা বন্ধ হয়ে গেছে।
“বর্তমানে পোশাক খাত একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী দুই বছর টিকে থাকতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই দুই বছরের জন্য আমরা নীতি সহায়তা চাইছি।”
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, পৃথিবীর কোনো উৎপাদনশীল রাষ্ট্রে উৎসে কর নেই। বাংলাদেশেও তুলে দেওয়া দরকার।
“বিমান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হাজার হাজার টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমরা ভর্তুকি চাই না, নীতি সহায়তা চাই।”
চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে শূন্য দশমিক ৭ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
