খুলনা-কলকাতা পরীক্ষামূলক ট্রেন শনিবার
খুলনা-কলকাতার মধ্যে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস আগামী শনিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের দিনই এই ট্রেন উদ্বোধন হবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন।”
বেনাপোল স্টেশনে থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সেদিন বাংলাদেশি ৫ থেকে ১০টি কোচ দিয়ে ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় রওনা দিয়ে ১০টায় বেনাপোল স্টেশনে পৌঁছাবে। বেনাপোল স্টেশনে উদ্বোধনের পর ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।
পর দিন ৯ এপ্রিল সকাল ৮টায় ট্রেনটি কলকাতা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে।
পরীক্ষামূলক ট্রেনটি অবাণিজ্যিক ভিত্তিতে টিকেটধারী যাত্রী ছাড়া পরিচালিত হবে। ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এনবিআরের সমন্বিত একটি দল ট্রেনে ভ্রমণ করবে।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলাচল করছে। এটি ঢাকা-কলকাতা রুটে চলাচল করে।
এছাড়া ভারতের দার্জিলিং ও আগরতলা রুটে বাংলাদেশ থেকে ট্রেন চলাচলের পরিকল্পনাও চলছে।
