২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাল্গুনের শেষে রসুনের দামে হেরফের

ফাল্গুনের শেষে এসে রাজধানীর নিত্যপণ্যের বাজারে শাক-সবজি ও মাছ-মাংসের দাম স্থিতিশীল থাকলেও হেরফের দেখা গেছে রসুনের দামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 07:59 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

এসময়ে মৌসুমের রসুন বাজারে আসায় দেশি রসুনের দাম কমলেও আমদানি করা রসুনের দাম কিছুটা বেড়েছে।

বাড্ডা বাজারের পাইকারি বিক্রেতা মেসার্স জেরিন ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি করা রসুনের দাম প্রতি কেজি ১৮০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে।

অন্যদিকে সিজনের নতুন রসুন বাজারে আসায় দেশি রসুনের দাম কমে প্রতি কেজি ১৭০ থেকে ১৭৫ টাকায় নেমেছে।

এক সপ্তাহ আগে দেশি ও আমদানি করা রসুন প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, “নতুন রসুন আসায় আমদানিকারকরা কিছুদিনের জন্য আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে এর দাম কিছুটা বেড়েছে।”

এদিকে সবজির বাজার স্থিতিশীল থাকলেও আলুতে খুচরা বিক্রেতারা অতিরিক্ত লাভ করছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

ঢাকার কারওয়ান বাজার ও বাড্ডার পাইকারি বাজারে ৭০ টাকা পাল্লায় পাইকারি বিক্রি হচ্ছে নতুন আলু। সে ক্ষেত্রে প্রতিকেজি আলুর দামে পড়ে ১৪ টাকা।

অথচ শুক্রবার একই দিনে শহরের অলিগলির ‍মুদি দোকানগুলোতে খুচরায় ১৮টাকা কেজিতে বিক্রি হচ্ছিল দেশের অন্যতম এই খাদ্যপণ্যটি।

পাইকারি ও খুচরার এই পার্থক্যকে মুদি দোকানিরা স্বাভাবিক বললেও পাইকরি বিক্রেতাদের ভাষ্য, এটি দোকানিদের অতি মুনাফা।

পাইকারিতে দাম কমার পর ১৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন জানিয়ে মহাখালীতে মুদি দোকানি কাশিনাথ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহল্লার দোকানগুলোতে বেশি লাভ করছে।”

বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিনসহ বিভিন্ন রকমের খোলা তেলের দাম কমতে থাকলেও এখনও এর প্রভাব পড়েনি বোতলজাত তেলে। গত এক মাস ধরে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল লিটারে ১০০ টাকা থেকে শুরু করে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে উত্তর বাড্ডার পাইকারি দোকান জোয়ার্দার ট্রেডার্সের ব্যবস্থাপক আবির জানিয়েছিলেন, খোলা সয়াবিন তেলের দাম কেজিতে অন্তত ২ টাকা কমে ৮৩ টাকায় বিক্রি হচ্ছে। আর পাম অয়েল বিক্রি হচ্ছে ৭৩ টাকা কেজিতে।

চলতি সপ্তাহে এই পণ্যটির দাম আরও একধাপে কেজিতে এক টাকা কমেছে বলে জানান এই বাজারেরে আরেক ব্যবসায়ী রায়হান।

তিনি বলেন, পাইকারিতে পাম তেল ৭১ টাকা ৬০ পয়সা, সয়াবিন তেল ৮২ টাকা এবং সুপার পাম ৭৬ টাকা লিটারে বিক্রি হচ্ছে ।

সাম্প্রতিক সময়ে এটিই খোলা তেলের সর্বনিম্ন মূল্য বলে দাবি করেন রায়হান।