প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরে সঙ্গী এফবিসিসিআই প্রতিনিধিরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
সোমবার সকালে বাংলাদেশ বিমানের এক ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে জাকার্তার হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে এই দলে বিভিন্ন চেম্বারের নেতা, খাতভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাসহ প্রায় অর্ধশত ব্যবসায়ী রয়েছেন।
এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদল জাকার্তায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট আইওআরএর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন।
তারা আইওআরএ জোট দেশগুলোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধানদের সঙ্গে ‘জয়েন্ট ডিক্লারেশন মিটিং’ এ অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ, সাবেক পরিচালক মো. মাসুদ প্রতিনিধিদলে রয়েছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাসেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিহাদ কবির, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল নেওয়াজ সেলিম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ হোশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল আলম রয়েছেন ওই দলে।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ, বিজিএমইএ পরিচালক মো. শহিদুল হক মুকুল, মো. আশিকুর রহমান (তুহিন), মিজানুর রহমান চৌধুরী, মো. মুনির হোসেন, মো. আতিকুল করিম খান, আনোয়ার হোসেন (মানিক), মিজানুর রহমান, বিটিএমএর পরিচালক মোজাফফর হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজি তুহিনা আকতার ও শামিমা হারুন লুবনা প্রতিনিধি দলে রয়েছেন।
সফরশেষে আগামী ৮ মার্চ প্রতিনিধি দলটি ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
