২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব

বাংলাদেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার একটি কাতারকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 06:30 PM

Updated : 19 Aug 2022, 03:56 PM

কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমী সোমবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে তার দপ্তরে এলে তিনি এই প্রস্তাব দেন।

মন্ত্রী বলেন, “আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি, কাতারকে অনুরোধ করেছি, তাদের বড় বড় বিনিয়োগকারীরা যেন যে কোন একটা জোনে বিনিয়োগ করে। তিনি বলেছেন, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চান।

“তিনি আমাদের সহযোগিতা কামনা করেন।”

কাতার বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগ করতে চায়- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “৭-৮টা ক্ষেত্রে আমাদের সাথে তাদের সমঝোতা চলছে, যার মধ্যে তরলীকৃত গ্যাসও রয়েছে।”

মন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধির বিষয় নিয়ে ‍আলোচনা করেছি। গ্যাস সংকট মেটাতে আমরা এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছি। এটা বেসরকারি খাতই করবে। আমরা সররকার থেকেও ভাসমান একটা টার্মিনাল করছি। আমাদের একটা প্রকল্প এরই মধ্যে অনুমোদিত হয়েছে।

“বেসরকারিভাবে অনেকেই স্থলভিত্তিক এলএনজি টার্নিনাল করার আগ্রহ দেখিয়েছে। আমাদের এই সব টার্মিনালের গ্যাসের মূল উৎস কাতার। এখানে ইরান থাকলেও এ বিষয়ে কাতারের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় চুক্তি আছে। সেই ব্যাপারে সমঝোতা চলছে। এটা হলে ২০১৮ সালের মধ্যে গ্যাস সংকট দূর হবে।”

তোফায়েল জানান, কাতার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় একটি চুক্তি করতে আগ্রহী।

“অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা বিষয়ে এই চুক্তি করতে চায়। এটার খসড়া নিয়ে আমরা আলোচনা করে চুক্তি করব।”

গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে কাতারের দ্বৈত কর এড়ানোর প্রস্তাব অনুমোদিত হওয়ার পর ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।