৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ
মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ার-২০১৭-তে’ অংশ নিয়ে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচদিনব্যাপী এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার দুইশ’র বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত মেলায় দুটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রুপ।
প্রাণের রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেন।
তিনি আরও বলেন, ক্রেতাদের কাছে পণ্যের অর্ডার নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে।
বতর্মানে প্রাণ পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে। গত বছর ১৮৪ মিলিয়ন ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।
