২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা ‘স্টার্টআপ কাপ’

দেশের সাত বিভাগে ‘স্থানীয় নতুন উদ্যোক্তা’ সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭’ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 03:55 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের উপ-প্রকল্প পরিচালক মুহাইমিন খান বলেন, “স্টার্টআপ কাপ স্থানীয় পর্যায়ের নতুন উদ্যোক্তা ও আগ্রহীদের ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবে কাজ করবে।”

দেশের সাতটি বিভাগে একসঙ্গে এ প্রকল্প শুরু হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রতি বিভাগেই সম্ভাবনাময় উদ্যোক্তা আছে, যারা বিনিয়োগ ও প্রশিক্ষণের অভাবে উঠে আসতে পারছে না, তেমনি আছে সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী।”

এই প্রকল্প নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একটি ‘কমন প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

মুহাইমিন খান আরও জানান, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে সাত দিনব্যাপী কর্মশালা এবং প্রতি বিভাগের সেরা তিন থেকে চারজন উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বছর শেষে একজনকে এই প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হবে।

সম্মেলনে নতুন উদ্যোক্তাদের ‘ভবিষ্যৎ গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারা বলেন, “নতুন উদ্যোক্তারা  প্রতিবন্ধকতা মোকাবেলায় ঝুঁকি নিতে প্রস্তুত, শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং সহযোগিতা, তাহলেই তারা দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে সক্ষম।

“বাংলাদেশ বিগত দশ বছরে অর্থনীতিতে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে কিন্তু এই উন্নয়ন ধরে রাখতে আরও অনেক নতুন উদ্যোক্তা প্রয়োজন।”

স্টার্টআপ কাপ দেশের নতুন এবং সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ‘কমন ভয়েস’ হিসেবে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন কর্মসুচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বাংলাদেশে স্টার্টআপ কাপের মত উদ্যোগ আরও প্রয়োজন বলে অভিমত দেন।

“আমরা এই প্রকল্পকে সফল করার জন্য ফান্ড, বিশেষজ্ঞ ও টেকনিক্যাল সাপোর্ট দেব। সরকার দেশের নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনবান্ধব সংস্কৃতি তৈরি করতে আগ্রহী।”

আগ্রহীরা আগামী ২৫ মার্চের মধ্যে বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭-এর ওয়েবসাইটে যেয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

ব্যবসা বিষয়ক উদ্যোগ ইনকিউবেটর বেটার স্টোরিজের উদ্যোগে শুরু হতে যাওয়া এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করছে নেদারল্যান্ড ও ভারত ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আবিস্কার।