২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-সৌদি নাগরিকের ১০ কোটি টাকার কাপড় জব্দ

দুই পাকিস্তানি ও এক সৌদি নাগরিকের প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় (বন্ড সুবিধা) আনা ১৯০ টন উন্নতমানের সার্টিং-স্যুটিং কাপড় শর্ত ভেঙে বাংলাদেশের বাজারে বিক্রি করতে চেয়েছিল বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 01:28 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

প্রায় ১০ কোটি টাকা দামের ওই সব কাপড় গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের ‘মেসার্স মেরিডিয়ান গ্লোবালস ইন্টারন্যাশনাল’ নামের ওই প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে জব্দ করা হয়েছে বলে বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিকেএমইএর নিবন্ধিত এই প্রতিষ্ঠানের মালিকানায় আছেন পাকিস্তানি নাগরিক আশফাক আলী, আমজাদ পারভেজ এবং সৌদি নাগরিক আব্বাস আব্দুল্লাহ আল হোসাইকী।

শূল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান এই অভিযানের বিস্তারিত  জানিয়ে বলেন, বন্ড সুবিধায় আমদানি করা বিভিন্ন ধরনের বিদেশি উন্নতমানের কাপড় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে সেগুলো ওই গুদামে জমা করা হয়। গোয়েন্দারা গত ২৬ ফেব্রুয়ারি ওই গুদাম থেকে এক লাখ ৮৯ হাজার ৫০১ কেজি বা ১৮৯ দশমিক ৫ টন উন্নতমানের কাপড় আটক করে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৫ কোটি ৩৫ লাখ ২০৫৭ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ৪ কোটি ৯৩ লাখ ৮৪৬৫০ টাকা।

২০১১ সালে বন্ড লাইসেন্স নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়মসহ বন্ড লাইসেন্সের শর্ত লংঘন করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটি চীন, পাকিস্তান, ভারতসহ অন্যান্য দেশ থেকে উন্নতমানের পলিয়েস্টার ফেব্রিক্স বিনা শুল্কে আমদানি করে সেগুলো দিয়ে হাসপাতালের ইউনিফর্ম তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানির কথা থাকলেও তা না করে সেগুলো খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেসার্স মেরিডিয়ান গ্লোবালস ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ম্যানেজার মো. সোহাগ মিয়া অবৈধ মজুদের কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা বন্ড কমিশনারেটের তথ্য অনুযায়ী, গাজীপুর সদর উপজেলার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় বন্ড লাইসেন্সের কারখানা হওয়ার কথা থাকলেও অনুমোদনবিহীনভাবে সিটি বোর্ড বাজার এলাকায় স্থানান্তর করা হয়।