বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেশীয়দের সুযোগ রাখার সুপারিশ
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দরপত্র আহ্বানের সময় দরপত্রের শর্তাবলীতে দেশীয় বিনিয়োগকারীদের জন্য সুযোগ রাখার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদীয় কমিটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রতিযোগিতা উন্মুক্ত করার সুপারিশও করেছে।
কমিটি কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সোলার পাওয়ার প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে এবং কমিটির আগামী বৈঠকে হাতিয়া ও সোনাগাজী বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি প্রতিবেদন ও জিটুজি (সরকার টু সরকার) প্রক্রিয়ায় বাস্তবায়নাধীন প্রকল্পের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করতে বলেছে মন্ত্রণালয়কে।
এছাড়া যৌথ মালিকানায় নির্মাণাধীন রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং বেসরকারি খাতে এস আলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয় সংসদীয় কমিটিতে।
যে সকল গ্রাহক বিদ্যুতের জন্য আবেদন করেছেন তাদের অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আবু জাহির, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।
