২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকে চালু ঋণ নিরাপত্তা বিমা

দরিদ্র ও অসচ্ছল গ্রাহকদের জন্য ঋণ নিরাপত্তা বিমা চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

চলতি মার্চ থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো এই মাইক্রো ইন্স্যুরেন্স চালু করা হয়েছে বলে বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে দরিদ্র পরিবারগুলো প্রায়ই যেসব অনিশ্চিত ঝুঁকির সম্মুখীন হয়, তা থেকে নিরাপত্তা দিতেই ব্র্যাকের এই উদ্যোগ। ঋণ নিরাপত্তা বিমা সেবার আওতায় আসবেন প্রতিষ্ঠানের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির প্রায় ৫০ লাখ সেবা গ্রহীতা।

উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তায় এই বিমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যু পরবর্তীতে তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবেলায় পরিবারকে এককালীন নগদ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের বকেয়া ঋণটি সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হবে।

ঋণ নিরাপত্তা বিমা সুবিধা চালু প্রসঙ্গে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এবং অতি দরিদ্র কর্মসূচির পরিচালক শামেরান আবেদ বলেন, “দরিদ্র পরিবারগুলো সবসময়ই আকস্মিক বিপর্যয়ের ঝুঁকিতে থাকে। উপার্জন ব্যক্তিকে হারিয়ে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হন।

“এরকম সংকট মোকাবেলা করে আমাদের গ্রহীতাদের আর্থিক স্থিতি নিশ্চিত করার এটি আমাদের আরেকটি জোরালো পদক্ষেপ।”