এসএসএল কমার্জের সঙ্গে এমটিবির চুক্তি
এটিএম কার্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সেবা প্রদান নিয়ে এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এমটিবি।
মঙ্গলবার এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর গুলশান-১ এর এমটিবি সেন্টারে এসএসএল ওয়্যারলেসের অঙ্গ প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি সই হয়।
এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে গ্রাহকরা এমটিবি এটিএম কার্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে এবং এমটিবি ক্রেডিট কার্ডের মাধ্যমে এসএসএলকমার্জের অনলাইন পেমেন্ট গেইটওয়ে ব্যবহারকারী সব ই-কমার্স সাইট থেকে বিনা সুদে ৩৬ মাসের ইএমআই সুবিধায় পণ্য ক্রয় করতে পারবেন।
এ সময় অন্যদের মধ্যে এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান উপস্থিত ছিলেন।
