বাংলাদেশ ইয়ুথ ফেস্ট শুরু সোমবার
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে সোমবার থেকে দেশের ৮টি বিভাগে দ্বিতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রবি বাংলাদেশ ইয়ুথ ফেস্ট ২০১৭’।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি, ১৫ হাজার থেকে এবছর বেড়ে প্রায় ২৫ হাজার হয়েছে। তরুণরা ক্রমেই আগ্রহী হচ্ছে।”
নিজ নিজ এলাকার উন্নয়নে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইয়ুথ ফেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ফেস্টে আইডিয়া কম্পিটিশন, স্কিল ওয়ার্কশপ, ইন্সপিরিশনাল টক ও ওপেন মাইক, ভ্যালু ডিসকাশনের মত কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ থাকবে তরুণদের।
এই ফেস্টে বিভাগীয় বিজয়ী দল পাবে পঁচিশ হাজার টাকা। আর জাতীয় পর্যায়ে বিজয়ী দলকে ‘স্পাইকস এশিয়া ২০১৭’ তে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানান শরিফুল ইসলাম।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে সম্ভাবনাময় ও যোগ্য তরুণদের চাকরির ব্যবস্থা করবে রবি।
রবির ভাইস প্রেসিডেন্ট এইচ এম তারিকুল কামরুল বলেন, “রবি তরুণ শক্তিকে খুঁজে এনে দেশের উন্নয়নে কাজ করতে সবসময়ই আগ্রহী।”
