মার্চে ঢাকায় আন্তর্জাতিক পোল্ট্রি শো
ঢাকায় আগামী ২ মার্চ ‘সুন্দর আগামীর জন্য পোল্ট্রি’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক পোল্ট্রি শো এবং সেমিনার। ৪ মার্চ পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই শো-এর ঘোষণা দেয় ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা।
পোল্ট্রি শো আয়োজনের গুরুত্ব তুলে ধরে সংগঠনের সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করার জন্যই এর আয়োজন করা হচ্ছে।
“পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে বিশ্ব জুড়ে নানা গবেষণা চলছে। বিশ্বে যে উন্নয়নগুলো হচ্ছে তার সঙ্গে আমাদের দেশের যেসব পোল্ট্রি খামারি, উদ্যোক্তা, বিজ্ঞানীদের একটা সর্বশেষ ধারণা দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে পোল্ট্রি শিল্পের গুরুত্বের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ড. এসএম আবদুস সবুর।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে জনপ্রতি মুরগীর মাংস খাওয়ার পরিমাণ বছরে চার দশমিক দুই কেজি, উন্নত বিশ্বে যা ৪০-৪৫ কেজি। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে একজন মানুষের বছরে কমপক্ষে ১০৪টি ডিম খাওয়া উচিত। উন্নত বিশ্বে বছরে একজন মানুষ গড়ে ২২০টি ডিম খায়। কিন্তু বাংলাদেশে এর পরিমাণ মাত্র ৫১টি।
আবদুস সবুর বলেন, মুরগীর দাম বেশি হওয়ার কারণেই বাংলাদেশের দরিদ্র মানুষ ডিম কিংবা মুরগী মাংস কিনতে পারছে না।
“এ সমস্যা থেকে সমাধানে এজন্য দাম কমিয়ে আনতে হবে। ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ শিল্পের সমস্যাগুলো সমাধানে কাজ করতে হবে। এ জন্য সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে ১৯৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে অংশ নেবে। স্টল থাকছে ৪৯০টি। এ ছাড়া পোল্ট্রি শোতে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। থাকবেন পোল্ট্রি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষাবিদ, ছাত্র, খামারি এবং এ খাতের উদ্যোক্তারা।
বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে প্রতি দুই বছর পর আন্তর্জাতিক পোল্ট্রি শোয়ের আয়োজন করা হচ্ছে। এ শো চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
