২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তি ফাউন্ডেশনকে ‘ইয়ুথস্পার্ক গ্র্যান্ট’ মাইক্রোসফটের

প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় শক্তি ফাউন্ডেশনকে ‘ইয়ুথস্পার্ক গ্র্যান্ট’ দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 11:36 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

শক্তি ফাউন্ডেশন ও প্রধানমন্ত্রী কার্যালয় মিলে নারীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যেন নারীরা তাদের নিজস্ব আইটি রিপেয়ার সেন্টারগুলো পরিচালনা করতে পারে।

মাইক্রোসফট বাংলাদেশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ লক্ষ্যে সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ ও শক্তি ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও মাইক্রোসফট বাংলাদেশ মিলে দেশের বিভিন্ন অঞ্চলের ৫ হাজার ২০০টি ডিজিটাল সেন্টারে কাজ করে এমন সব নারীদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে।

এসব নারীরা যেনো পরবর্তীতে প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হতে পারে সে লক্ষ্যে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে এটুআই ও মাইক্রোসফট বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে শক্তি ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন অঞ্চলের আরও বেশি সংখ্যক নারীর সামাজিক ও আর্থিক উন্নয়ন সাধনের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনকে সহায়তা করবে মাইক্রোসফটের ইয়ুথস্পার্ক গ্র্যান্টটি। এতে নারীরা কম্পিউটার মেরামত ও প্রযুক্তিগত সেবামূলক ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন দেশের ৫ হাজার ২০০টি ডিজিটাল সেন্টারগুলোকে আইটিরিপেয়ার সেন্টারে পরিণত করতেই শক্তি ফাউন্ডেশনএর এ পদক্ষেপ।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে দেশের ৫২০০টি ডিজিটাল সেন্টারে ৫২০০জন নারী তাদের নিজস্ব আইটি ব্যবসা পরিচালনা করতে পারবে, এলক্ষ্য মাত্র অর্জনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”