২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেটে উড়ে ভারতের অ্যাপোলোয় চিকিৎসা নিলে ১০ শতাংশ ছাড়

বাংলাদেশি রোগীদের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে ভারতের অ্যাপোলো হাসপাতাল ও জেট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 06:21 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

জেট এয়ারওয়েজে ভ্রমণ করে চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা ভ্রমণের টিকেট ও চিকিৎসা দুই ক্ষেত্রেই এই ছাড় সুবিধা ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান বাংলাদেশ হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের পরিচালক আবদুর রব।

বাংলাদেশে অ্যাপোলো হাসপাতাল ও জেট এয়ারওয়েজটির সমন্বয়ক হিসেবে কাজ করছে হেলথ কানেক্ট ইন্টারন্যাশনাল।

আব্দুর রব বলেন, ভারতের দুটি বড় প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল ও জেট এয়ারওয়েজ; তারা যৌথভাবে চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশের মানুষের চিকিৎসা ও যাতায়াত সুবিধা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য চিকিৎসা সেবায় ১০ শতাংশ ও ভ্রমণে ১০ শতাংশ আলাদাভাবে ছাড় দেওয়া হবে।

‘ফ্লাই ফর গুড হেলথ’ শীর্ষক কর্মসূচির আওতায় রোগীদের সেবায় এই উদ্যোগ নেওয়া করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের ভাই-বোনেরা সহজে ও সুলভে চিকিৎসা ও চলাচলের সুবিধা ভোগ করতে পারবে।

এতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশিদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব হবে বলে আশা প্রকাশ করেন হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের কর্মকর্তা রব।

সংবাদ সম্মেলনে জেট এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার রাজকুমার ভট্টাচার্য্য বলেন, “প্রতিদিন ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও বম্বে আমাদের তিনটি ফ্লাইট রয়েছে। বাংলাদেশ থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা জন্য বুকিংপত্র দেখালে জেট এয়ারওয়েজ ১০ শতাংশ ছাড় দিবে।”

অন্যদিকে চিকিৎসা নিতে যাওয়া কোনো রোগী অ্যাপোলো হাসপাতালে জেট এয়ারওয়েজের টিকেট দেখালে চিকিৎসা ব্যয়ের উপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান অ্যাপোলো হাসপাতাল গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার জিথু জোসে।