তিনদিনের ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার শুরু
বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশায় ঢাকায় শুরু হয়েছে তিনদিনের ইন্দো-বাংলা বাণিজ্য মেলা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশ ও ভারতের ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার আইবিসিসিআই এই মেলার মূল আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় বাংলাদেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে নিয়মিতভাবে।
কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং সমস্যার সমাধান করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “অ্যালকোহল এবং টোব্যাকো পণ্য ছাড়া ভারতের বাজারে আমাদের সব পণ্যই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। তবে ট্যারিফ ও প্যারাট্যারিফ বাধায় কিছু পণ্য রপ্তানিতে সমস্যা সৃষ্টি করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। দুই দেশের বাণিজ্য অব্যাহতভাবে বাড়ছে।
মেলায় বাংলাদেশ ও ভারতের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে যাদের মধ্যে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপলায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল পণ্য, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনসুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার রয়েছে।
আয়োজকরা জানান, এখানে যেসব কোম্পানি অংশগ্রহণ করছে। তারা বাংলাদেশে ব্যবসা প্রসার করবে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোও ভারতের বাজারে ব্যবসা করার আগ্রহ নিয়ে এই মেলায় এসেছে।
মেলায় অংশ নেওয়া বিআরবি কেবল এর বিপণন কর্মকর্তা রফিকুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ও ভারতীয় গ্রাহকদের সামনে তাদের কোম্পানির পণ্যের গুণগত মান তুলে ধরাই মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য।
আইবিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদও বক্তব্য রাখেন।
