২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্লাস্টিক পণ্যের মেলা

রাজধানীতে ১৪ দেশের প্লাস্টিক পণ্য নিয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 07:04 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম আন্তর্জাতিক এই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) এবং চীনের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ৭২টি প্রতিষ্ঠানের চার শতাধিক স্টল রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার একটি প্রকল্পটি একনেকে অনুমোদন শেষে বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে ৫০ একর জমির ওপর ওই প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার কাজ ২০১৮ সালের জুনের মধ্যে শেষ হবে জানিয়ে আমির হোসেন আমু বলেন, ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই শিল্পনগরীতে ৩৭০টি প্লটে প্রায় ৩৬০টি প্লাস্টিক কারখানা স্থাপন করা হবে।

এতে এক হাজার ৮০০ নারীসহ মোট ১৮ হাজার লোকের কর্মসংস্থান হবে।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ।

আমু বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের মতো গুটিকয়েক পণ্যের ওপর নির্ভর করলে হবে না। এসব পণ্যের পাশাপাশি নতুন পণ্যও রপ্তানির তালিকায় সংযোজন করতে হবে।

“প্লাস্টিক পণ্যের সম্ভাবনা এ ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দিন, চ্যান চাও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জুডি ওয়াং বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশীয় প্রতিষ্ঠানগুলো গৃহস্থালি সামগ্রী, পণ্য মোড়কীকরণের উপকরণ, প্ল্যাস্টিক মোল্ড, খেলনা, আসবাব, মেলামিন, পোশাক খাতের সরঞ্জাম, পিপি ওভেন ব্যাগ ইত্যাদি প্রদর্শন করবে মেলায়।

আর বিদেশি প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং, পিপি ওভেন ব্যাগ, প্যাকেজিং, ফ্লেক্সোগ্রাফিক, পেট ব্লো, প্ল্যাস্টিক ব্যাগসহ বিভিন্ন পণ্য তৈরির যন্ত্র প্রদর্শন করবে।

প্লাস্টিক মেলা শেষ হবে শনিবার। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।