২০ হাজার মেট্রিক টন আলু রপ্তানির লক্ষ্য প্রাণের
চলতি বছরে ২০ হাজার মেট্রিক টন আলু রপ্তানির লক্ষ্য ঠিক করেছে প্রাণ। এরই মধ্যে দ্বিতীয় বছরের মতো আলু রপ্তানি শুরু করেছে দেশের অন্যতম এই শিল্প গ্রুপ।
গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর দিয়ে ৫২ টনের প্রথম চালানটি মালয়েশিয়ায় পাঠানো হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাণ চুক্তিভিত্তিক কৃষকদের কাছে থেকে গ্রানুলা, ডায়মন্ড ও অ্যাসটেরিক্স জাতের মানসম্পন্ন আলু সংগ্রহ করে। বর্তমানে প্রাণের অধীনে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে প্রায় দুই হাজার আলুচাষী রয়েছে।
চুক্তিভিত্তিক চাষ লাভজনক হওয়ায় এবার চার একর জমিতে চাষ করেছেন বলেও তিনি জানান।
উন্নতমানের আলু উৎপাদনের লক্ষ্যে কোম্পানিটি কৃষকদেরকে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, কৃষকদেরকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ায় উন্নতমানের আলু উৎপাদন সম্ভব হচ্ছে। এছাড়া কৃষকরা ন্যায্য মূল্যে আলু বিক্রির নিশ্চয়তা পাওয়ায় চুক্তিভিত্তিক চাষে আগ্রহী হচ্ছে।
