আইসিটি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া হবে: পলক
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গত আট বছরে বাংলাদেশ যুগান্তকারী উন্নতি করেছে জানিয়ে এই ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্যাকেজে প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিওরশিপ ইন ডিজিটাল এইজ’ শীর্ষক কর্মশালায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “গত আট বছরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ যুগান্তকারী উন্নতি করেছে। আমরা এই ক্ষেত্রে আরও অধিক অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
“আমাদের রয়েছে মানব সম্পদ, দেশের জনসংখ্যার তিন ভাগের এক ভাগ মানুষের বয়স ৩৫ বছরের নিচে, মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষের কর্মক্ষেত্রে সক্ষমতা রয়েছে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে কর্মশালয় পলক বলেন, “তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তাদের বিভিন্ন প্যাকেজ ও বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে।
সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশের অগ্রগতি তুলে ধরে পলক বলেন, “মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ হাজার কম্পিউটার ল্যাব করা হয়েছে।
“এছাড়া বহু প্রতিষ্ঠানে আধুনিক মানের তথ্য প্রযুক্তির বিভিন্ন ল্যাব করা হয়েছে। কয়েক হাজার যুবককে তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অবকাঠামোসহ এখাতে উন্নতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী।
“দেশের ৯৯ মানুষ আজ টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতাভুক্ত, এছাড়া দেশের ৯৮ শতাংশ এলাকা এই নেটওয়ার্কের মধ্যে আনা হয়েছে। ১৩ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে, ছয় কোটি ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আর তিন কোটি লোক বর্তমানে স্মার্ট ফোন ব্যবহার করছে।”
এছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও আয়কর রিটার্ন অনলাইনের আওতায় আনা, স্মার্টকার্ড বিতরণ ও মোবাইল সিমের বায়োমেট্টিক নিবন্ধনের বিষয় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কর্মশালায় এমআইটি কানেকশন সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড এম শ্রেয়ারও বক্তব্য রাখেন। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন।
