২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে এলডিসির সমান সুবিধা চায় বাংলাদেশ

রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনারের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের বাজারের শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 12:07 AM

Updated : 19 Aug 2022, 03:44 PM

বৃহস্পতিবার ওয়াশিংটনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে সিনেটরের কাছে তিনি এই দাবি তুলে ধরেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলডিসির বৈশ্বিক সমন্বয় ব্যুরোর প্রধানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সিনেটর গার্ডনার বলেন, শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধার বিষয়টি নিয়ে খোঁজখবর করবেন।

এলডিসি দেশগুলোর মধ্যে আফ্রিকার ৩৪টি দেশ ২০০০ সাল থেকে এই সুবিধা ভোগ করে আসছে, যা ২০২৫ সাল পর্যন্ত থাকবে।

কিন্তু বাংলাদেশসহ ১৪টি দেশ স্বল্পোন্নত হলেও তারা এই সুবিধার বাইরে রয়েছে বলে সিনেটরকে জানান জিয়াউদ্দিন।

তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দেশ নিজেদের বৈষম্যের স্বীকার বলে মনে করছে। তাই ন্যায়বিচার ও ন্যায্য প্রতিযোগিতা বিবেচনায় তারা যুক্তরাষ্ট্রের বাজারে সমান সুযোগ চায়। এই সুযোগ ইউরোপীয় ইউনিয়ন সব স্বল্পোন্নত দেশগুলিকে দেয়।