ঢাকায় ক্লাউড সেবাদানকারী ‘ইনফোবিপ’ কার্যালয় উদ্বোধন
বাংলাদেশে মোবাইল সেবার বাজারে টেলিকম অপারেটর এবং কর্পোরেট গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা দিতে ঢাকায় আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছে ইউরোপভিত্তিক ক্লাউড যোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ইনফোবিপ’।
রোববার গুলশান তেজগাঁও লিংক রোডে হাশিম টাওয়ারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইনফোবিপ এর বিজনেস ডেভলেপমেন্ট ভিপি মাতিজা রাজেম বলেন, “মোবাইল বাজারে অমিত সম্ভবনার বাংলাদেশে এন্টারপ্রাইজ, ই-কমার্স, ডেভলপারদের জন্য কাজের অনেক সুযোগ রয়েছে।
“এদেশের মোবাইল অপারেটরদের সাথে যৌথভাবে বাংলাদেশে এটুপি (অ্যাপ্লিকেশন টু পারসন) এসএমএস বেইজড মনিটাইজেশনের ক্ষেত্র তৈরি করে উন্নত সেবা পৌঁছে দেওয়াই ইনফোবিপের লক্ষ্য।”
চালু হওয়া ঢাকা কার্যালয়ে মূলত স্থানীয় প্রতিনিধি, একাউন্ট ম্যানেজারের পাশাপাশি বাংলাদেশের টেলিকম অপারেটরদের সঙ্গে পার্টনারশিপ ও ডাটাসেন্টার স্থাপনের জন্য থাকবে বিশেষ সাপোর্ট ও ইন্টিগ্রেশন প্রকৌশলী।
অনুষ্ঠানে জানোনো হয়, ইনফোবিপ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১০ সালে কাজ শুরু করে মালয়শিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, তাইওয়ান, জাপান ও ভারতের ব্যাংকিং, মোবাইল, ওটিটি ও প্রযুক্তিখাতে কাজ করছে।
ইনফোবিপ আন্তর্জাতিকভাবে ছয়টি মহাদেশে স্থানীয় অফিসের মাধ্যমে নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের ৮০০টির বেশি টেলিকম নেটওয়ার্কে ৬ বিলিয়নের বেশি মোবাইল ডিভাইসের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রাখে।
এ সময় ইনফোবিপ এর বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ইউনটেল এর চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলম, ইনফোবিপ এর সিওও রোবার্টো কাটিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
