২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিতে আশা দেখাচ্ছে কাপড়ের ব্যাগ

এক সময় বিদেশ নির্ভরতা থাকলেও এখন দেশেই তৈরি হচ্ছে উন্নতমানের ব্যাকপ্যাক, ট্রলি, স্পোর্টস ব্যাগ, হাত ব্যাগ, এক্সিকিউটিভ ব্যাগসহ কাপড়ের তৈরি নানা ধরনের ব্যাগ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে এসব ব্যাগ। ফলে ধীরে ধীরে হলেও বৈদেশিক মুদ্রা আয়ে খাতটি হয়ে উঠছে সম্ভাবনাময়।

ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 12:03 AM

Updated : 11 Oct 2022, 01:26 PM

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে এখন দেশি-বিদেশি মিলিয়ে ১০টির বেশি প্রতিষ্ঠান এসব ব্যাগ তৈরি করছে।

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ইয়ংওয়ান, পার্ক বাংলাদেশ, ওসমা, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড এবং এ অ্যান্ড এ ট্রাভেলিং গুডস বাংলাদেশ লিমিটেড।

দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- রাইডার, টাইগারকো, সিমুরা ননওভেনস লিমিটেড, বোহেমিয়ান ট্রাভেল গিয়ার, এমজেডএম টেক্সটাইল লিমিটেড, একসেনচ্যুর, ইউসেবিও স্পোর্টিং।  

Image
রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেডে তৈরি হচ্ছে ব্যাগ

রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেডে তৈরি হচ্ছে ব্যাগ

Image
রাইডারের তৈরি পণ্য যাচ্ছে বিদেশেও

রাইডারের তৈরি পণ্য যাচ্ছে বিদেশেও

আশুগঞ্জের খাড়িয়ালা গ্রামের রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেডের তৈরি ব্যাগ যাচ্ছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, হংকং, জাপান ও ফ্রান্সে। এ প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন।

প্রতিষ্ঠানটি লাগেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করে। এসব ব্যাগ তৈরিতে তারা কাঁচামাল হিসেবে ব্যবহার করে পলিয়েস্টার, ক্যানভাস, নাইলন, ডেনিম ও ওভেন কাপড় ।   

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাপড়ের ব্যাগ হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় খাত । তৈরি পোশাক খাতের চেয়ে ব্যাগ তৈরি ও রপ্তানিতে মুনাফা বেশি ।”

Image
রাইডারের তৈরি পণ্য যাচ্ছে বিদেশেও

রাইডারের তৈরি পণ্য যাচ্ছে বিদেশেও

এ খাতকে দ্রুত বর্ধনশীল উল্লেখ করে তিনি বলেন, “আমি ২০১৪ সালে ব্যবসা শুরু করি। পরে ব্যাংক থেকে ঋণ নিই।”

তিন বছরের মাথায় রপ্তানি ১২ গুণে দাঁড়াবে বলে তার প্রত‌্যাশা।

ব্যাকপ্যাক থেকে গড়ে ১৫ শতাংশ মুনাফা করা সম্ভব বলে মনে করেন নাজমুল।

তার দেওয়া তথ্য অনুযায়ী তার কারখানায় দিনে তিন হাজার আর বছরে প্রায় ৯ লাখ ৩৬ হাজার ব্যাকপ্যাক তৈরির সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিটি ব্যাগের দাম ১৮ থেকে ২০ ডলার পর্যন্ত হয়ে থাকে।

২০১৯ সাল নাগাদ পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ কারার পরিকল্পনার কথাও জানালেন এই উদ্যোক্তা।