দুই বছরে বিমানের ৬০০ কোটি টাকা মুনাফা
বিগত দিনের ক্ষতি কাটিয়ে উঠে টানা দ্বিতীয় বছর মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২০১৫-২০১৬ অর্থবছরে কর পরিশোধের পর বিমানের নিট মুনাফা ২৭৬ কোটি টাকা বলে শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগের অর্থবছরে মুনাফার পরিমাণ ছিল ৩২৪ কোটি টাকা। অর্থাৎ দুই বছরে বিমান ৬০০ কোটি টাকা মুনাফা করেছে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের সময়ের লোকসান কাটিয়ে বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। মুনাফার এই ধারা চলতি বছরেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
২০১৫-২০১৬ অর্থবছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩১০ কোটি টাকা কর দিয়েছে।
এই অর্থবছরে বিমান যাত্রী বহন করেছে ২৩ লাখ ১৮ হাজার জন, যা আগের অর্থবছরে ছিল ২০ লাখ ২০ হাজার।
২০১৩-২০১৪ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছিল ১৫ লাখ ৭১ হাজার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বিমানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় আট লাখ।
যাত্রী বাড়লেও বিমানের কার্গো পরিবহন কমেছে। ২০১৫-২০১৬ অর্থবছরে ৪০ হাজার ৯ শত মেট্রিক টন মালামাল পরিবহন করেছিল বিমান, যা গতবারের চেয়ে ৭ শতাংশ কম।
২০১৬ সালের মার্চে যুক্তরাজ্য বিমানের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করার প্রভাব এতে পড়েছে বলে কারণ দেখিয়েছে বিমান।
বিমান কর্মকর্তা শাকিল মেরাজ বলেন, যাত্রী সেবার মান বাড়ানো এবং ফ্লাইটসূচি ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
“গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান বাড়ানোর জন্য ১শ কোটি টাকার গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রী ও কার্গো হ্যান্ডলিং খাতে এরই মধ্যে নতুন ৪৫০ জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।”
২০১৫-২০১৬ অর্থবছরে বিমান হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব ফ্লাইট ছাড়াও ২৬টি বিদেশি এয়ারলাইন্সের ১৮ হাজার ৬২৮টি ফ্লাইট হ্যান্ডলিং করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসছে ৪টি বোয়িং ড্রিমলাইনার
২০১৮ ও ২০১৯ সালে বিমান বহরে যুক্ত হচ্ছে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের চারটি উড়োজাহাজ।
এছাড়া অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াতে কানাডার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বোম্বারডিয়ার থেকে তিনটি নতুন ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ কেনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
বর্তমানে বিমান বহরে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এছাড়া বহরে রয়েছে দীর্ঘ মেয়াদি লিজে দুটি বোয়িং ৭৭৭-২০০ এবং দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং অভ্যন্তরীণ গন্তব্যের জন্য দুটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ।
বিমান বহরের উড়োজাহাজগুলো ‘বয়সের দিক দিয়ে অত্যন্ত নবীন এবং আধুনিক’ বলে জানান শাকিল মেরাজ।
বর্তমানে বিমান ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থা।
