২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইয়ের সভাপতি পদে লড়বেন শফিউল

এফবিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 04:56 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় তিনি বলেন, “মে মাসের মাঝামাঝি সময়ে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

এফবিসিসিআই নির্বাচনের জন্যে ইতোমধ্যেই সংসদ সদস্য অধ্যাপক আলি আশরাফকে চেয়ারম্যান করে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

সদস্য হিসেবে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শামসুল আলম এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।

এবারের নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সংগঠনের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে।

আপিল বোর্ডের অপর দুজন সদস্য হলেন- চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবু মনসুর এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খায়রুল মজিদ মাহমুদ।

২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচন হবে এই বোর্ডের অধীনে।

২০১৫ সালের ২৩ মে এফবিসিসিআইয়ের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩১ মে আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন বর্তমান কমিটি দায়িত্ব নেয়।

এফবিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “নির্বাচন বোর্ড খুব শিগগিরই নির্বাচনের তারিখসহ তফসিল ঘোষণা করবে।

“মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে। আশা করছি তার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এফবিসিসিআই নির্বাচন বিধি অনুযায়ী, দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদে একবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়ে থাকে।

সে অনুযায়ী, এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সভাপতি এবং চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বর্তমান কমিটিতে আবদুল মাতলুব আহমাদ চেম্বার গ্রুপ থেকে সভাপতি এবং শফিউল ইসলাম মহিউদ্দিন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

এর আগে মহিউদ্দিন তৈরি শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এবং বর্তমান সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু বক্তব্য রাখেন।