শেষ বেলায় বাণিজ্য মেলায় ঢল
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ধিত সময় শেষ হতে আর একদিন বাকি। আর তাই পছন্দের ও প্রয়োজনের পণ্যটি বেছে সুবিধামতো দামে কিনতে মেলায় ঢল নেমেছে মানুষের।
রাজধানীর আগারগাঁওয়ের মেলা প্রাঙ্গণ শুক্রবার সকাল-সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতিতে ছিল ভরপুর। প্রায় সবাইকেই হাতে কোনো না কোনো নিয়ে মেলা থেকে বের হতে দেখা যায়।
স্টল মালিক ও আয়োজকদের দাবির মুখে ৩১ জানুয়ারি মেলার পূর্বঘোষিত শেষ দিনে নতুন করে চার দিন বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে কোনো কোনো বিক্রেতা বর্ধিত সময় পেয়েও বিক্রি নিয়ে সন্তুষ্ট নন।
চট্টগ্রামে কর্মরত একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানালেন, একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন। কাঁজের ফাঁকে মেলা ঘুরে কিনে নিলেন পছন্দের কিছু পণ্য।
চলতি বছর একাধিকবার মেলায় এলেও বাড়তি সময়ে ছুটির দিনে ব্লেজার কেনার বায়না মেটাতেই নিজের দুই শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন আরিফ হোসেন।
তিনি বলেন, “মেলা থেকে আমাদের ব্লেজার কেনা দেখে তারাও ব্লেজার পরার বায়না ধরে। আজ এসে দেখি অন্তত দুইশ টাকা ছাড় আছে।”
বাণিজ্য মেলাকে সামনে রেখে মধ্যবিত্ত ক্রেতাদের অন্যতম লক্ষ্য থাকে ব্লেজার কেনা। এবারের মেলায় ব্লেজার বিক্রির জন্য গতবারের তুলনায় দ্বিগুণ স্টল বসেছিল বলে আয়োজকরা জানান।
যে কারণে অনেক ব্যবসায়ীকে লোকসান গুনতে হয়েছে বলে দাবি করেন মুনসান গার্মেন্টসের ব্যবস্থাপক মনিরুজ্জামান মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাভের আশায় তো মেলায় আসলাম। কিন্তু লাভ তো হল না। শেষের চার দিনের জন্যও অতিরিক্ত ৩০ হাজার টাকা খরচ করতে হয়েছে। কিন্তু গত দুই দিনে কোনো বেচাকেনা হয়নি। আজকে শুক্রবার যা হয়েছে হাতেগোনা।
“গত বছর ব্লেজারের দোকান ছিল একশরও কম। আর এবার দেড়শর মতো ব্লেজারের শোরুম এসেছে মেলায়। একক পণ্যে এতো বেশি শোরুম মনে হয়ে দ্বিতীয় কোনোটির নেই। সেকারণেই বেচাকেনা করে লাভ করা যায়নি।”
তবে মেলায় নিজের বিক্রি নিয়ে সন্তুষ্ট পানির ফিল্টার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “আমার কোম্পানির সারা বছরের বেচাকেনার খোরাক এই মেলা। এখানে অর্ডার যেমন পাওয়া যায়, তেমনি অনেকে সরাসরি ফিল্টার কিনে নিয়ে যান।”
মেলায় আসা জাপানি ব্যবসায়ী মাসাকি ফুজিওয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা করতে গত দুই বছর ধরে তিনি ঢাকার এই মেলায় আসছেন। বাংলাদেশে জাপানের অত্যাধুনিক প্রযুক্তির পানি ফিল্টারের বড় চাহিদা রয়েছে বলে মনে হয়েছে তার।
