নকিয়া১৫০ মডেলের হ্যান্ডসেট আনবে এইচএমডি গ্লোবাল
বাংলাদেশের বাজারে নকিয়া ১৫০ নামে ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন সেট বিপণনের ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল।
নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার ঘোষণা দিল বিপণন খাতের নতুন উদ্যোগ এইচএমডি।
ফিনল্যান্ডভিত্তিক এই বিপণন সংস্থা গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। এর মধ্যে বিদ্যমান ফিচার ফোন বিজনেস যেমন থাকবে, তেমনি অত্যাধুনিক স্মার্টফোনের সম্ভারও থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, এই সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল যা, স্ক্র্যাচ বা দাগ পড়তে দেবে না। ডুয়াল সিমের এই সেটে এফএম রেডিও১ ও এমপি থি প্লেয়ার রয়েছে, পর্দা ২.৪ ইঞ্চি।
“নকিয়া ১৫০ ফোনসেটটির ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী। ফলে এতে ২২ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে আর স্ট্যান্ডবাই টাইম হবে ২৫ দিন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
