বেসিসের সফটএক্সপো শুরু বুধবার
বাংলাদেশের তৈরি সফটওয়্যার দেশি বিদেশিদের কাছে পরিচিত করতে বুধবার ঢাকায় শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১৭।
শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ থেকে ৪ ফেব্রুয়ারি এই প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
ঢাকার কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি মোস্তফা জব্বার জানান, দেশি-বিদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইটি সংগঠন, দেশি সফটওয়্যার কোম্পানিসহ শতাধিক প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শন করবে একাদশতম সফটএক্সপোতে।
“পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের চাকরির সুযোগ দিতে থাকছে ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ইন আইটি’ শীর্ষক আয়োজন।”
প্রোগ্রামিং, ডিজাইনিং, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট ও অ্যাকাউন্টিংসহ বিভিন্ন বিষয়ে আগ্রহীরা তাদের সিভি এ মেলায় আসা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টলে জমা দেওয়ার সুযোগ পাবেন।
বেসিসের পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবায় রপ্তানি বাড়াতে এবারের মেলায় নেদারল্যান্ডস, ডেনমার্কসহ বিভিন্ন দেশের অন্তত ১০টি কোম্পানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ‘বিজনেস টু বিজনেস ম্যাচম্যাকিং সেশনের’ আয়োজন করা হয়েছে।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ২০টি সেমিনার, ১০টি টেকনিক্যাল সেশন এবং প্রথম ও চতুর্থ শ্রেণির শিশুদের নিয়ে বিশেষ কোডিং প্রোগ্রাম থাকছে এবারের মেলায়।
কোডিং প্রোগ্রাম শিশুদের প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তুলবে- এমন আশা প্রকাশ করে মোস্তফা জব্বার বলেন, “বাংলাদেশের ডিজিটাল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি রূপান্তর ঘটেছে সফটওয়্যার খাতে। নতুন প্রজন্ম তীব্র গতিতে এই খাতে এগিয়ে আসছে।”
এবারের প্রদর্শনীতে ছোট-বড় মিলিয়ে ৪২টি প্যাভেলিয়ন ও ৪৯টি স্টল থাকছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অন্যদের মধ্যে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আগ্রহী যে কেউ প্রদর্শনীস্থলে গিয়ে কিংবা অনলাইনের নিবন্ধন করে (http://softexpo.com.bd/visitor/registration) বিনামূল্যে সফটএক্সপোতে অংশ নিতে পারবেন।
