২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্বের ৩ দশমিক ৪ শতাংশ দিচ্ছে গ্রামীণফোন: টেলিনর

গ্রামীণফোন ২০১৪ ও ২০১৫ সালে কর ও অন্যান্য ফি বাবদ ৬৪০ মিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ সরকারের মোট রাজস্ব আয়ের ৩ দশমিক ৪ শতাংশ যোগান দিয়েছে বলে দাবি করেছে মোবাইল অপারেটরটির মূল প্রতিষ্ঠান টেলিনর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 12:55 AM

Updated : 19 Aug 2022, 03:34 PM

টেলিনর সম্প্রতি তাদের প্রথম ‘গ্লোবাল ইমপ্যাক্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বাংলাদেশসহ এশিয়ার ছয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশের ১৩টি বাজারে টেলিনর গ্রুপের আর্থ-সামাজিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়।

এক্ষেত্রে এশিয়া অঞ্চলের বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হিসেবে বিবেচিত হয়েছে।   

গ্রামীণফোন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “প্রতিবেদনে আর্থিক অবদানের বিষয়ে টেলিনর জানিয়েছে ২০১৪ সালে কর ও অন্যান্য সরকারি ফি বাবদ ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে গ্রামীণফোন।

“২০১৫ সালে সরকারি কোষাগারে অবদান দাঁড়ায় ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার। দুই বছরে মোট ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের মোট রাজস্ব আয়ের ৩ দশমিক ৪ শতাংশই গ্র্রামীণফোনের অবদান।”

প্রতিবেদন নিয়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে বলেন, “আমাদের ডিজিটাল ভবিষ্যতের সুযোগগুলোকে বাস্তবায়ন করা এবং এ বিষয়ে গঠনমূলক আলোচনায় অবদান রাখা এ প্রতিবেদনের মূল উদ্দেশ্য।” 

গ্রামীণফোনের সিইও পেটার বি ফারবার্গ বলেন, “গ্রামীণফোন বাংলাদেশের ডিজিটাল পরিবর্তনে মনযোগ দেয়ায় আমরা আরও সামাজিক ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রত্যাশা করছি।”