অনলাইনে স্বাস্থ্যসেবায় মাইক্রোসফট বাংলাদেশ ও প্লাসওয়ান চুক্তি
বাংলাদেশে অনলাইনে স্বাস্থ্যসেবা দিতে মাইক্রোসফট বাংলাদেশ ও প্লাসওয়ান সার্ভিসের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার মাইক্রোসফট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই যৌথ উদ্যোগের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের মানুষ আরও সহজেই অনলাইনে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবে।
রিংএমডি’র সহায়তায় মাইক্রোসফটের অ্যাজ্যুর ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষ দেশের এবং বিদেশের চিকিৎসকদের সঙ্গে সরাসরি লাইভ অডিও-ভিডিও কথোপোকথনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। অনলাইনে সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ এবং নিরাপদে মেডিকেল রিপোর্ট আদান-প্রদানের সুবিধাও রয়েছে এতে।
রিংএমডি’তে নিবন্ধিত প্রায় ১৫ হাজারের বেশি চিকিৎসকের সঙ্গে রোগীরা অনলাইনে যোগাযোগ করতে পারবেন এবং সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে।
প্লাসওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাবা দৌলা বলেন, “মাইক্রোসফট বাংলাদেশের সাহায্যে আমরা আমাদের স্বাস্থ্যসেবা র পরিধি বাংলাদেশের আরও লাখ লাখ মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।”
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “স্বাস্থ্যসেবা খাতে উন্নত গ্রাহক সেবার ক্ষেত্রে প্লাসওয়ানের সঙ্গে চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ।
“বিশ্বের বিভিন্ন খাতকে ডিজিটাল পদ্ধতিতে আমূলে পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে মূহুর্তের মধ্যে তথ্য আদান-প্রদান, সামগ্রিক উন্নয়ন এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিৎ করার মাধ্যমে আয় বৃদ্ধির ক্ষেত্রে ডিজিটালাইজেশন অপরিহার্য।”
প্লাসওয়ানের চেয়ারম্যান মেহরীন আসাফ ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্লাসওয়ান এর অ্যাপ্লিকেশন শিগগিরই চালু করা হবে যা www.plusone-services.com ঠিকানায় ব্যবহার করা যাবে বা অ্যাপল স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
