সাইবার নিরাপত্তায় দেশীয় প্রযুক্তিবিদদের কাজে লাগানোর আহ্বান
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশিদের ওপর নির্ভর না করে দেশীয় সম্পদ ও মানুষের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সিটিও ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অনেক বেশি-বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল এমন মন্তব্য করে মোস্তফা জব্বার বলেন, “দয়া করে বাইরের দিকে তাকানো বন্ধ করেন, নিজের সন্তানের উপর ভরসা বেশি করে করেন।
“নিজের দেশের সন্তানরা আপনাকে যে নিরাপত্তা দিতে পারবে ততটা অন্য কেউ দিতে পারবে না। তারা বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তার যে কোনো ক্ষেত্রে, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, বাইরে থেকে লোক আনার দরকার হবে না।”
এ বিষয়ে ২০১৬ সালের মে মাসে ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ টেনে মোস্তফা জব্বার বলেন, “বোকার ফসল, পোকায় খায়।
“আমি বিশ্বাস করি, আমাদের দেশের ছেলেমেয়েরা যদি দায়িত্ব পালন করত- তাহলে এরকম অসহায়ভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি দেখতে হত না।”
বর্তমানে দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো ‘চরম বৈষম্যের শিকার’ মন্তব্য করে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে মনে হয় আমাদের বাংলাদেশে জন্ম নেয়াটা অপরাধ হয়ে গেছে, সে কারণে এ দেশের সরকারের কোন কাজ করার অধিকার আমাদের নেই।
“এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) ‘ভ্যাট অনলাইন সিস্টেম’ দাঁড় করাচ্ছে এক ভিয়েতনামি কোম্পানি, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেই কোম্পানি সফটওয়্যারের ভিতরে এখনো পর্যন্ত বাংলা কিভাবে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে পারে নাই।”
তিনি আরও বলেন, “সাড়ে এগার কোটি মোবাইল ফোন ব্যবহার করে এই দেশে। আমরা দিনে প্রায় সাতশ কোটি টাকার লেনদেন করি মোবাইল ফোনে। দয়া করে দেখেন এর মধ্যে কি পরিমাণ জালিয়াতি হয়েছে? আমাদের অতি সাধারণ মানুষরাই জালিয়াতি এড়াতে পারে।”
দেশের ব্যাংকগুলোর বিদেশি সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ও সফটওয়্যারের প্রতি ‘অতি নির্ভরশীলতার সংস্কৃতি’ রয়েছে এমন দাবি করে বেসিসের সভাপতি বলেন, “আমাদের দেশের ব্যাংকিং সফটওয়্যার ১ থেকে ২ কোটি টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু আমাদের ব্যাংকাররা ১০০ কোটি টাকার ব্যাংকিং সফটওয়্যার বিদেশ থেকে আনে। কেন আনে? আমি তা প্রকাশ্যে বলতে চাই না।
“বিদেশি সংস্থার উপর আমরা অনেক বেশি নির্ভর করি, শত শত কোটি টাকার দায়িত্ব তাদের হাতে দিয়ে দেই এবং এরকম শর্ত জুড়ে দেই যাতে কোনো দেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে না পারে।”
মোস্তফা জব্বার তার বক্তব্যে দেশের তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দেওয়া এবং সক্ষমতা অর্জন করার উপর গুরুত্বারোপ করেন।
“আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের মধ্যম পর্যায়ের মানব সম্পদ নেই। আমরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছি মানব সম্পদ তৈরি করার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যেই জায়গায় বিনিয়োগ করছি- সেই জায়গাটা আরেকটু উপরে উঠা দরকার।”
অধিক সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেওয়ার চাইতে গুণগত মানসম্পন্ন জনবল তৈরির উপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তথ্য প্রযুক্তিতে আমরা এন্ট্রি লেভেলের লোক পাই, কিন্তু আমরা মধ্যম ও উচ্চ পর্যায়ের লোক তৈরি করতে পারছিনা। প্রচুর ক্ষেত্র আছে যেখানে বিপুল পরিমাণ প্রশিক্ষিত মানুষ দরকার।
“আমরা প্রতি বছর কম্পিউটার সায়েন্সে আট হাজার গ্র্যাজুয়েট তৈরি করি, কিন্তু যখনই আমরা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে নিয়োজিত করতে চাই তখন দেখি আমার কাজ করার মত দক্ষতা সে অর্জন করে নি।”
দেশের তথ্য প্রযুক্তি ব্যবহারকারীদের সংগঠন সিটিও ফোরাম সাইবার নিরাপত্তা জোরদার করতে এ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করা বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনতে ইনফরমেশন সিকিউরিটি এলায়েন্স (আইএসএ) গঠন করছে।
আইএসএর এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার।
