২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসবাসযোগ্য ঢাকার জন্য অবকাঠামো খাতে ‘সঠিক বিনিয়োগে’ জোর

অবকাঠামো খাতে সঠিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঢাকাকে বসবাসযোগ্য করে তুলতে পারে বলে রাজধানীর এক সেমিনারে অভিমত দিয়েছেন এ বিষয়ের বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ‘অবকাঠামোর যুগ: বাংলাদেশ প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে এমন অভিমত উঠে আসে।

এর আগে হোটেল র‌্যাডিসনে ‘অর্থনীতির নতুন ভাবনা: ২০৩০ ও পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেমিনারে প্যারিস টুয়েলভ বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক রেমি পুডোম বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে ‘ভুল থেকে শিক্ষা নেওয়ার’ পরামর্শ দেন।

সরকারি-বেসরকারি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। অবকাঠামোগত উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিকভাবে বিনিয়োগ করতে হবে।

ঢাকার যানজট দূর করার জন্যে ‘ট্রাফিক ম্যানেজম্যান্ট’কে আরও সচেষ্ট করার পরামর্শ দিয়ে অধ্যাপক রেমি পুড়োম।

তিনি বলেন, ঢাকার মত ট্রাফিক সমস্যা পৃথিবীর অনেক উন্নত দেশে রয়েছে। ট্রাফিক সমস্যা দূর করতে বড় বড় হাইওয়ে তৈরি করা কোনো সমাধান নয়; আগে ট্রাফিক সিগনাল, স্পিড লিমিটসহ অন্যান্য আইন সম্পর্কে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রেমি পুডোম।

তিনি অবকাঠামোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্যে সরকারি-বেসরকারি উভয় বিভাগকে একত্রে কাজ করার পরামর্শ দেন।

সেমিনারে সুয়েজ গ্রুপের ব্যবস্থাপক জিন-ক্লাউড সেরোপিয়ান ঢাকা শহরের সুপেয় পানির অভাব দূর করতে তার কোম্পানির নানা উদ্যোগ তুলে ধরে পাঁচ থেকে সাত বছরের মধ্যে সুপেয় পানির কোনো অভাব থাকবে না বলে আশ্বাস দেন।

সেমিনারে অন্যদের মধ্যে সড়ক পরিবহন সচিব এমএএন সিদ্দিক, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) জ্যেষ্ঠ প্রতিনিধি টাকু ইয়ামাবে, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রধান প্রতিনিধি উই যিয়াওজুন, রবি আক্সিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।