ঢাকা, চট্টগ্রাম থেকে বাড়ছে ইউএস-বাংলার ফ্লাইট
যাত্রীচাহিদা বাড়ায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাট পথে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গত ১১ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালাচ্ছে ইউ-এস বাংলা। যাত্রীদের মধ্যে অভাবনীয় সাড়া ফেলতে সক্ষম হওয়ায় রোববার থেকে ফ্লাইটের সংখ্যা বেড়ে ছয়টি হচ্ছে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বর্তমানে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে একপথের সর্বনিম্ন ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। ফিরতি ভাড়া ঢাকা থেকে ৩৮ হাজার ৬০৭ টাকা ও চট্টগ্রাম থেকে ৪০ হাজার ৫৫৭ টাকা।
শনিবার বাদে ঢাকা থেকে সপ্তাহের প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে রাত ১০ টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউ-এস বাংলার ফ্লাইট; মাস্কাট পৌঁছায় স্থানীয় সময় রাত ২টায়।
মাস্কাট থেকে রোববার বাদে সপ্তাহের প্রতিদিন রাত ৩টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসে বলে বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে।
