আইসিএবি পুরস্কারের দুই ক্যাটাগরিতে প্রথম আইডিএলসি
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রবর্তিত জাতীয় পুরস্কারে দুটি ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
২০১৫ সালের কার্যক্রম মূল্যায়ন করে নির্ধারণ করা এই পুরস্কার মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান করে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়।
এতে ইন্টেগ্রেটেড রিপোর্টিং ও আর্থিক সেবা খাতে সেরা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এই দুই ক্যাটাগরিতে প্রথম হয় আইডিএলসি ফাইন্যান্স।
এছাড়া ‘কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজারের’ জন্য ‘সার্ক বার্ষিক পুরস্কার’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান পায় আইডিএলসি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও আরিফ খানের হাতে পুরস্কার তুলে দেন।
আরিফ খান বলেন, “মূল্যবোধ তৈরির ক্ষেত্রে একটি কোম্পানির স্ট্যাটেজি, গভর্নেন্স, পারফর্মেন্স ও প্রসপেক্ট সম্পর্কিত কর্পোরেট রিপোর্টিং এর মূল্যায়ন করে ইন্টিগ্রেটেড রিপোর্টিং। এই ইন্টেগ্রেটেড রিপোর্টিং বিভাগে প্রথম স্থান অর্জন করতে পেরে আমরা বিশেষ ভাবে আনন্দিত”।
এছাড়াও প্রতিষ্ঠানের স্বচ্ছতা, কর্পোরেট গভর্নেন্স, সততা ও জবাবদিহিতা সর্বোচ্চ স্তরে বজায় রাখার প্রতি আইডিএলসি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন আরিফ খান।
