২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ব্যবসায়ীরা

পানি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরে সঙ্গী হয়েছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমেদ শনিবার ঢাকা ছেড়ে যাওয়া এই ব্যবসায়ী দলের নেতৃত্ব দিচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাঙ্গেরি অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ হাঙ্গেরির ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ‘বিজনেজ টু বিজনেস’ সভায় যোগ দেবেন; ‘বাংলাদেশ-হাঙ্গেরি: বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন আবদুল মাতলুব।

সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ‘বাংলাদেশের ওষুধ খাত: সুলভ মূল্যের ওষুধের উৎস’ এবং বিজিএমইএ’র পক্ষ থেকে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা’ শীর্ষক দুটি প্রেজেন্টেশন দেওয়া হবে। 

ব্যবসায়ী প্রতিনিধিরা হাঙ্গেরি চেম্বার অব কমার্স আয়োজিত সভায় যোগ দিয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এফবিসিসিআই প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় (এসইজেড) হাঙ্গেরির বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে হাঙ্গেরির অধিক পরিমানে পণ্য আমদানির উপর জোর দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর ঢাকায় ফিরবে।