২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইএফআইসি আমার একাউন্ট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

একটি একাউন্টে বহুমুখী সুবিধা রেখে চালু করা ‘আইএফআইসি আমার একাউন্ট’ এর লোগো উন্মোচন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে ‘সুবিধা যেমনই চাই, হিসাব একটাই’ শ্লোগান নিয়ে ‘আইএফআইসি আমার একাউন্ট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, “আইএফআইসি আমার একাউন্ট গ্রাহকবান্ধব ওয়ান স্টপ একাউন্ট, যাতে এক একাউন্টেই অনেক সুবিধা একীভূত করা হয়েছে। তাই ভিন্ন ভিন্ন প্রয়োজনে একাধিক একাউন্ট এবং ক্রেডিট কার্ড সামলানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই একাউন্ট থেকে গ্রাহকরা সঞ্চিত অর্থে দৈনিক মুনাফা, সীমাহীন লেনদেন সুবিধা এবং প্রয়োজনে তাৎক্ষণিক সাশ্রয়ী ঋণ সুবিধা পাবেন। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মাত্র এক ঘণ্টায় ঋণ সুবিধা পাবেন। সে কারণেই আইএফআইসি আমার একাউন্ট ক্রেডিট কার্ডের বিকল্প।