সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে গ্রামীণফোন
গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস এর অষ্টম আয়োজনে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বাংলাদেশের সেরা ব্র্যান্ড এবং সেরা টেলিযোগাযোগ ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে।
বিশ্বের নেতৃস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ক্যানটার মিলওয়ার্ড ব্রাউন এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই পুরস্কার দেয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।
বাংলাদেশের প্রথম টেলিকম ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সেরা ব্র্যান্ডের পুরস্কার পেল বলে জানায় অপারেটরটি।
দেশব্যাপী ৪ হাজার ৮০০ মানুষে উপর মিলওয়ার্ড ব্রাউন পরিচালিত এক জরিপের ভিত্তিতে ৩৩টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।
গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং সোলায়মান আলম, বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেনের কাছ থেকে সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সেরা ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
