২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের মাঝে মৌসুমী বীজ বিতরণে চেইন শপ স্বপ্ন

দেশের অন্যতম বড় রিটেইল চেইন শপ স্বপ্ন যেসব উৎস থেকে কৃষি পণ্য সংগ্রহ করে সেই কৃষকদের মধ্যে মৌসুমী বীজ বিতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 12:54 AM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে ‘উৎসের সন্ধানে’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব বীজ বিতরণ করা হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে থাকা প্রায় ৫৫টি আউটলেটের মাধ্যমে স্বপ্ন যেসব শাক-সবজি, মাছ ও ফল ক্রেতাদের সরবরাহ করে থাকে, তা মধ্যস্বত্ত্ব ভোগীদের প্রভাব এড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়।

ক্ষতিকর রাসায়নিক উপাদানের ব্যবহার ছাড়া ফলন নিশ্চিতে নিয়মিতভাবে বিভিন্ন উৎসে কৃষকদের কর্মশালার আয়োজন করে থাকে স্বপ্ন। এছাড়া শাক-সবজি, মাছ ও ফলন নেওয়ার আগে পণ্যের গুণগত মান পরীক্ষা করে নেওয়া হয়।

উৎস পরিদর্শনের অংশ হিসেবে সিঙ্গাইরে কৃষকদের মাঝে এসব মৌসুমী বীজ বিতরণ করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফোক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সংসদ সদস্য মমতাজ বেগম অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন।

অনুষ্ঠানে এসিআই লিজিস্টিকস লি. (স্বপ্ন) এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ও প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।