কলকাতায়ও যাবে ইউএস-বাংলা
আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বেসরকারি বিমান সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
ঢাকা থেকে প্রতিদিন সকাল ১১টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। দুপুর ১২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ঢাকায় রওনা হবে অন্য ফ্লাইট।
ঢাকা-কলকাতা রুটে ট্যাক্স ও সারচার্জসহ বিজনেস ক্লাসে একমুখী যাত্রার জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৫৩৫ টাকা এবং রিটার্ন টিকিট ২৫ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।
ইকোনমি ক্লাসে একমুখী যাত্রার টিকিটের দাম হবে ৫ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ৯ হাজার ৯৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫৮ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কলকাতা ফ্লাইট পরিচালনা করা হবে।
শিগগিরই চট্টগ্রাম থেকেও কলকাতায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে বলে ইউএস-বাংলা জানায়।
কলকাতা ইউএস-বাংলা এয়ারলাইন্সের তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য।
