রপ্তানিমুখী সব শিল্পকে কমপ্লায়েন্স করার পরামর্শ ইইউর
তৈরি পোশাক খাতের মতো রপ্তানিমুখী অন্যান্য শিল্পকারখানাগুলোকেও কমপ্লায়েন্স বা আদর্শ মানে উন্নীত করার পরামর্শ দিয়েছেন সফরকারি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
এক্ষেত্রে কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শ্রমিক অধিকার সুরক্ষার কথা বলেছেন তারা।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সফরকারী প্রতিনিধি দলের পক্ষ থেকে এমন পরামর্শ দেওয়া হয় বলে জানান বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান পিয়েরে মায়দন, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান ও মোহাম্মদ নাসির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে সেটা এখন পরিষ্কার। বাংলাদেশে যখন মধ্যম আয়ের দেশের তালিকায় পৌঁছবে, তখন এই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ধরনও নিশ্চয় পরিবর্তন হবে।
সেক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিএসপি সুবিধার পরিবর্তে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রমিক অধিকার, পরিবেশগত নিরাপত্তা ইস্যু ও কর্ম পরিবেশের উন্নতির মতো সূচকে বাংলাদেশেকে ভালো করতে হবে বলে জানান তারা।
কমপ্লায়েন্স ইস্যুতে ইউরোপীয় ক্রেতাদের পক্ষে থেকে বিভিন্ন রকম মানদণ্ড ও শর্তের কথা শোনা যায়। ফলে সময় ও অর্থ খরচ করে কমপ্লায়েন্সের শর্ত পূরণ করেও অনেক সময় ক্রেতাদের সঙ্গে বনিবনা করা যায় না বলে পোশাক ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।
দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “তাদের একজন কর্মকর্তা আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ২০১৮ সালের জুনে অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ শেষ হওয়ার পর এ ধরনের তৎপরতার প্রয়োজন হবে কিনা।
“আমরা বায়ারদের সাথে সম্মিলিতভাবে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছি। তবে সেক্ষেত্রে দুইপক্ষ কিভাবে চলবে সে বিষয়ে নতুন একটি রূপরেখা ঠিক করা হবে।”
কারখানার সংস্কারে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিভিন্ন শর্ত পূরণের সময়সীমা ২০১৮ সালের জুনের মধ্যে হলেও এর আগে ২০১৭ সালের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব হবে বলে আমরা আশা প্রকাশ করেন সিদ্দিকুর রহমান।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য ঠিক করেছে। এই লক্ষ্য পূরণ হলে ইউরোপের বাজারে জিএসপি সুবিধা নিয়ম অনুযায়ী বাতিল হবে। সেক্ষেত্রে কিছু শর্তপূরণ করে জিএসপি প্লাস সুবিধার অন্তর্ভুক্ত হতে হবে বলে প্রতিনিধি দল বিজিএমইএকে জানিয়ে গেছে।
জিএসপি প্লাস সুবিধা পাওয়ার বিষয়েও নিজের আশাবাদের কথা জানিয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর বলেন, “এ ক্ষেত্রে আমরা আশা করছি শ্রমিক অধিকার ও কর্মপরিবেশগত সুবিধার উন্নতি করতে জিএসপি প্লাসের জন্য যেসব শর্ত রয়েছে, বাংলাদেশ এখনই তা পূরণের দ্বারপ্রান্তে আছে। ফলে সময় মতো জিএসপি প্লাস পেতে এর শর্ত পূরণ করতে তেমন সমস্যা হওয়ার কথা নয়।”
