‘বিরূপ আবহাওয়ায়’ বিমানের দুবাই-চট্টগ্রাম ফ্লাইটে ভোগান্তি
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ‘বিরূপ আবহাওয়ায়’ চট্টগ্রাম অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণের পর প্রায় আট ঘণ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৪৮ ফ্লাইটটি ৬৭ জন যাত্রী নিয়ে ‘বিরূপ আবহাওয়ার’ কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ না করে সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে বিকাল ৪টার দিকে আবহাওয়া ভাল হলে বিমানটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ।
এই অপেক্ষার সময়ে ভোগান্তির অভিযোগ করেছেন ওই ফ্লাইটের কয়েকজন যাত্রী।
মোহাম্মদ আলী নামে এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হজরত শাহজালালে নামার পর কর্তৃপক্ষ কোনো কথাই বলছিল না; কিভাবে আমরা চট্টগ্রামের ৬৭ জন যাত্রী বাড়ি পৌঁছাবো।
“উল্টো বিমানের ভেতরের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। যাত্রীদের কোনো খাবারেরও ব্যবস্থা ছিল না।”
এরপর বিমান পরিষ্কার করতে এসে পরিচ্ছন্নতা কর্মীরা যাত্রীদের নেমে যেতে অনুরোধ করেন। ওই সময় বিমানে থাকা নারী যাত্রীরা উত্তেজিত হয়ে তারা কিভাবে চট্টগ্রাম যাবেন জানতে চান বলেও জানান মোহাম্মদ আলী।
তিনি বলেন, পরে দুপুরের দিকে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ৬৭ জন যাত্রীকে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। যাত্রীদের খাবারেরও ব্যবস্থা করেন।
একই বিমানের রিনা নামে আরেক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহুদিন পর দুবাই থেকে স্বামী ও দুই কন্যা নিয়ে ঢাকা এসেছি। চট্টগ্রাম বিমানবন্দরে আত্নীয় স্বজনরা অপেক্ষা করছে। ভোরে চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও পারিনি। এত ভোগান্তিতে পড়তে হবে তা কোনোদিন ভাবিনি।”
বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি চট্টগ্রাম পৌঁছায় নি। বিকাল ৪টার দিকে আবহাওয়া ভাল হলে বিমানটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
“মাঝের এই সময়ে যাত্রীরা বিমানবন্দরেই ছিলেন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও বিমান করেছে।”
