ডাটাসফটের আইওটি ল্যাবের যাত্রা শুরু
দেশে প্রথমবারের মতো প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন শিল্পে চতুর্থ প্রজন্মের সেবা ‘আইওটি ল্যাব’ স্থাপন করেছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড।
রোববার রাজধানীর শ্যামলীতে রূপায়ন সেলফোর্ট টাওয়ারে ডাটাসফটের নতুন কার্যালয়ে আইওটি ল্যাবের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট, ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ভিসি জামিলুর রেজা চৌধুরী, বেসিস সভাপতি মোস্তফা জব্বারসহ প্রযুক্তি শিল্পের শীর্ষ ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশের’ প্রচেষ্টা দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। তারা মোবাইল সফটওয়্যার, ব্যাংকিং সল্যুশনসহ বিভিন্ন খাতে আইটি সেবা দেওয়ার পর এখন আইওটি ল্যাব প্রতিষ্ঠায়ও নেতৃত্ব দিয়েছে, যা বাংলাদেশে প্রথম।
ইন্টারনেট অব থিংকস বা আইওটি ল্যাব হচ্ছে ইলেক্ট্রনিকস ডিভাইসের মাধ্যমে ‘অবজেক্টকে’ নিয়ন্ত্রণের একটি প্রযুক্তি। ব্যবহারিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিকে কাজে লাগানোর চিন্তাভাবনা করছেন প্রযুক্তিবিদরা।
দেশের প্রথম এই আওটি ল্যাবকে ‘প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক’ ঘোষণা করেন প্রতিমন্ত্রী।
“আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গেলাম। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এর বাস্তবায়ন করা হবে।”
এ ধরনের উদ্যোগ ২০২১ সালের মধ্যে প্রযুক্তিপণ্য রপ্তানি থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য পূরণে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বার্নিকাট বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একটি আইটি কোম্পানির অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। ইন্টারনেটের মাধ্যমে অর্থনীতি ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশের উন্নতির অন্যতম উদাহরণ আইসিডিডিআর,বি।
“আজ সকালে আমি আইসিডিডিআর,বির সুযোগ সুবিধা পরিদর্শনে গিয়েছিলাম। পরীক্ষা-নিরীক্ষা, রিচার্স ও জ্ঞান চর্চায় অনেক নতুন নতুন ইনোভেশন এসেছে, যা বিশ্বের অনেক দেশেই নেই।”
ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, নতুন এই আইওটি ল্যাবে ৩০০ এর বেশি আইওটি ইঞ্জিনিয়ার কাজ করার সুযোগ পাবেন। তারা ডিভাইসের ব্যবসার মাধ্যমে বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান দেওয়ার কাজটি করবে।
“এই ল্যাবের সঠিক ব্যবহারে প্রযুক্তির উন্নয়ন খুব দ্রুততার সাথে করা যাবে, ফলে জীবন যাত্রার মান আরও উন্নত হবে।
বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানের মতো দেশেও নিজস্ব কার্যালয় চালু করে প্রযুক্তি ব্যবসা করছে ১৯৯৮ সালে যাত্রা শুরু করা ঢাকাভিত্তিক আইটি প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেম বাংলাদেশ।
