২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের বহরে যুক্ত হবে আরও চার উড়োজাহাজ

আগামী এক বছরের মধ্যে বহরে আরও চারটি নতুন উড়োজাহাজ যুক্ত হবে জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন কোম্পানি রিজেন্ট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের পর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন চারটি উড়োজাহাজ ছয়টি নতুন আন্তর্জাতিক রুটে চলাচল করবে। এতে কোম্পানিটির অন্তত ৮০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

নতুন উড়োজাহাজের মধ্যে একটি ১৮৩ আসনের বোয়িং ৭৩৭-৮০০, ১৬৫ আসনের দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২৬৫ আসনের একটি বোয়িং ৭৭৭-২০০ রয়েছে।

শিগগিরই রিজেন্ট এয়ারওয়েজ নেপালের কাঠমাণ্ডু, কাতারের দোহা, চীনের গোয়াংজু, ইন্দোনেশিয়ার জাকার্তা, শ্রীলংকার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে।

এতে রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, “এয়ারলাইন্স শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের একটা বড় উৎস হতে পারে। হিসেব করে দেখা গেছে, এখান থেকে বছরে ১৫ মিলিয়ন ডলার অর্জন করা সম্ভব। তবে সরকারি পৃষ্ঠেপোষকতা ছাড়া কারো পক্ষে এটি অর্জন সম্ভব না।”

এক্ষেত্রে উচ্চমূল্যের জ্বালানি এবং চড়া ল্যান্ডিং চার্জ ও সারচার্জ এভিয়েশন শিল্পের বিকাশে বড় প্রতিবন্ধকতা বলেও দাবি করেন তিনি।

রিজেন্টের সিও এম ফজলে আকবর বলেন, “উপার্জন বেড়ে যাওয়ায় বিমানভ্রমণ এখন মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। দিন দিন যাত্রীদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশিরা যেন কম খরচে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে পারে এটা আমাদের প্রত্যাশা। আগামীদিনগুলোতে সবাইকে নিয়ে আরো সামনে দিকে এগিয়ে যেতে চাই।”

‘এভরি লিটল থিং কাউন্টস’ স্লোগানকে ধারন করে ২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম ভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান, র‌্যাবের মহপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন বিমানসংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।