২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে প্রথম ফ্লাইট ইউএস-বাংলার

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে শাহজালাল বিমান বন্দর থেকে বহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ১৫৮ জন যাত্রী নিয়ে মাস্কাটে যায়।

ঢাকা-মাস্কাট ফ্লাইট শুরুর আগে বিশেষ মোনাজাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে সপ্তাহে চার দিন ঢাকা থেকে এবং দুই দিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

প্রাথমিকভাবে ঢাকা থেকে রবি ও শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে দুটি ফ্লাইট এবং মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে সপ্তাহে দুটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টায়।

এছাড়া সপ্তাহে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ৩টায় সপ্তাহে দুই দিন- বুধ ও শুক্রবার সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং সপ্তাহে দুই দিন সোম ও শনিবার মাস্কাট থেকে রাত ৩টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ৫০ মিনিটে এবং ঢাকায় অবতরণ করবে সকাল ১১টা ২০ মিনিটে। 

ঢাকা-মাস্কাট-ঢাকা ও চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।

নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।