বিজিএমইএর প্রশিক্ষক কর্মশালার সনদ বিতরণ
পোশাক কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রমবান্ধব কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষক তৈরির উদ্যোগ নিয়েছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
উন্নয়ন সহযোগী ডানিডার সহযোগিতায় ডেনিশ ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এর তত্ত্বাবধানে বিজিএমইএ ৩০ মাসের এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের অধীনে ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের হাতে বুধবার সনদ তুলে দেন বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির হোসেন।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিজিএমইএর কর্মকর্তা মোহাম্মদ আমিন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার সামাজিক দায়বদ্ধতা জোরদার, বিনিয়োগ না বাড়িয়েও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, যান্ত্রিক উন্নয়ন ও সার্বিক উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে প্রাতিষ্ঠানিক জ্ঞান সম্পন্ন একটি দলকে প্রশিক্ষণ দিয়েছেন দেশ-বিদেশি বিশেষজ্ঞরা।
“প্রাথমিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ১১জন পরে আলাদা কর্মশালা করে আরও লোকজনকে প্রশিক্ষণ দেবে। তারাই কারখানায় গিয়ে আলোচ্য বিষয়গুলোর নিশ্চিত করতে পর্যবেক্ষণ শেষে পরামর্শ দেবেন।”
প্রথম পর্বের প্রশিক্ষক ছিলেন সোশিয়াবিলিটির সিইও এলিজাবেথ বয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএর সহ সভাপতি নাসির হোসেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাকখাতের নিরাপদ কর্মপরিবেশ, শ্রমমান ও পরিবেশবান্ধব শিল্পায়নের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই প্রচেষ্টার সাথে পোশাক ক্রেতাদের সংগঠন, উন্নয়ন সহযোগী, দাতা ও সরকারের বিভিন্ন সংস্থা সহযোগিতা করেছে।
নতুন এই প্রকল্পকে বিজিএমইএর এমনই একটি উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতার উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রায়োগিক দিকগুলো উন্নত করার মাধ্যমে কারখানার প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি করা হবে।
ডেনিশ ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলের স্টেপ-আপ প্রকল্পের ব্যবস্থাপক সফি পেডার্সনসহ অন্যান্য কর্মকর্তারা সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
