লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন
আফ্রিকার দেশ নাইজেরিয়ার ‘লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায়’ ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের পণ্য।
দেশীয় কোনো কোম্পানি হিসাবে ওয়ালটনই প্রথমবারের মতো অংশ নিয়েছে আফ্রিকা অঞ্চলের এই সর্ববৃহৎ মেলায়। মেলায় অংশ নেওয়ার মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত বিশ্বমানের প্রযুক্তি পণ্য আফ্রিকার বাজারে তুলে ধরেছে ওয়ালটন।
নাইজেরিয়ার বাণিজ্যিক ও শিল্পনগরী হিসাবে পরিচিত লাগোসে গত শুক্রবার শুরু হওয়া এই মেলা চলবে টানা ১০ দিন। আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ মেলাগুলোর একটি এই মেলা।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ১০০ বর্গমিটার জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে সুদৃশ্য ওয়ালটন প্যাভিলিয়ন। যেখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এলইডি টিভি, ল্যাপটপ, ব্লেন্ডার, ইনডাকসন কুকার, এলইডি বাল্ব, মোবাইল ফোনসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রদর্শন করা হচ্ছে।
সহজতর যাতায়াত ব্যবস্থা থাকায় আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন খাতের শীর্ষ ব্র্যান্ডগুলো এই মেলায় অংশ নিচ্ছে।
এতে বলা হয়, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ, নাইজেরিয়ায় ওয়ালটনের আমদানিকারক নুনে ডেভিড, জনসন ওগবু, নুদুবুইসি আনাছুসি এবং মাদাম এনগোজি এজেনওয়াসহ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিপণন বিভাগের কর্মকর্তারা এখন নাইজেরিয়ায় রয়েছেন। আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ ক্রেতা-দর্শনার্থী মেলায় সমবেত হচ্ছেন বলে তারা জানিয়েছেন।
মাহবুবুল আলম খালিদ বলেন, বাংলাদেশের বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে থাকা ওয়ালটনের এবারের লক্ষ্য আন্তর্জাতিক বাজারেও শীর্ষস্থান অর্জন। লক্ষ্য পূরণে ওয়ালটন ইতোমধ্যে সফলতা অর্জন করেছে। বাজার সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, চলতি বছরের এপ্রিলে চীনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ক্যানটন ফেয়ারে ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান ও ফিনিশিং ক্রেতাদের আকৃষ্ট করেছে। ভুটানে অনুষ্ঠিত সার্ক ট্রেড ফেয়ারেও ক্রেতাদের দৃষ্টি কেড়েছিল ওয়ালটন পণ্য। সার্বিক বিবেচনায় আন্তর্জাতিকবাজারে শিগগিরই ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরি হবে।
ওয়ালটন পণ্যের আমদানিকারক নুনে ডেভিড বলেন, নাইজেরিয়াতে ওয়ালটন পণ্যের প্রবেশ আফ্রিকার ইলেকট্রনিক্স পণ্যের বাজারের জন্য এক বিশাল উন্নয়ন। সর্বাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও বিশ্বমানসম্পন্ন হওয়ায় নাইজেরিয়ার ক্রেতাদের কাছে ওয়ালটন পণ্যের ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। মেলায় অংশগ্রহণের ফলে নাইজেরিয়াতে ওয়ালটনের বাজার বাড়বে। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সুসংহত হবে।
মেলায় আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান রকিবুল ইসলাম রাকিব বলেন, ওয়ালটন পণ্য ইতিমধ্যে নাইজেরিয়াতে রপ্তানি হচ্ছে। এবার আমাদের লক্ষ্য প্রতিবেশী বেনিন, টোগো, ক্যামেরুন, ঘানা, চাঁদ, মালি, উগান্ডা ও বুরকিনা ফাসোতে বাজার সম্প্রসারণ করা।
নাইজেরিয়ার ফেডারেল এবং দ্য স্টেট গভার্নমেন্টসের সার্বিক সহযোগিতায় লাগোস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৯৮১ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। সমগ্র আফ্রিকার বাজার সম্প্রসারণের সেতুবন্ধন হিসেবে গণ্য হয়ে আসছে আন্তর্জাতিক এই মেলা।
