২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের ‘গ্রিন রেফ্রিজারেটর’ প্রকল্প চালু

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানায় পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ‘গ্রিন রেফ্রিজারেটর’ প্রকল্পের উদ্বোধন করেছেন পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

শনিবার এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে জ্যাকব বলেন, “বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফ্রিজ উৎপাদনের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়। আজ থেকে বাংলাদেশ এক নতুন যুগের সূচনা করল।”

এইচএফসি গ্যাসমুক্ত গ্রিন রেফ্রিজারেটর উৎপাদন ইউনিটের উদ্বোধনের পর সরেজমিনে ওয়ালটনের অন্যান্য উৎপাদন ইউনিট ঘুরে দেখেন জ্যাকব।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইচ উল আলম মন্ডল, ইউএনডিপির এ্যাসিসটেন্ট কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, হুমায়ন কবীর, সিরাজুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অবসরপ্রাপ্ত কর্নেল এসএম শাহাদাত আলম এসময় উপস্থিত ছিলেন।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকারক এক গ্রাম কেমিকেলও ওয়ালটন ব্যবহার করে না। পরিবেশের প্রতি আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।”

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে এইচএফসি গ্যাসের বিকল্প আর৬০০এ গ্রিন গ্যাসের ব্যবহার ওয়ালটন কারখানায় ২০১২ সাল থেকেই হচ্ছে।