২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা: বেসরকারি সংস্থাকে যুক্ত করার পরামর্শ

সাইবার হামলার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ‌্যে বাংলাদেশ সামনের কাতারে বলে সতর্ক করে এ ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ‌্যোগে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করার পরামর্শ এসেছে একটি সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 10:55 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

প্রতিনিয়ত ‘আপডেট’ হতে থাকা প্রযুক্তি সেবাগুলোর নিরাপত্তা ব্যবস্থাও সব সময় ‘আপডেট’ করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘অ্যাসিওর অ্যান্ড সিকিউর ইউর সার্ভিস ইন দ্য অ্যাপ্লিকেশন ইকোনমি’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সিএ টেকনোলজি ও সিটিও ফোরাম।

অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি রায় বলেন, “সাইবার হামলার শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। এখানে লোকাল ইনফেকশন বা স্থানীয়ভাবে ডিভাইসে উৎপন্ন ভাইরাসের প্রবণতাও বেশি।”

সাইবার আক্রমণ ‘ডিজিটাল বাংলাদেশের’ জন্য এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মন্তব‌্য করে তিনি বলেন, “সাইবার নিরাপত্তায় অনেক প্রতিষ্ঠান কাজ করলেও অনেক সময় তারা গ্রাহকদের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পরেন না। এক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা ভালো ফল দিতে পারে।

সাইবার নিরাপত্তা সেবাদাতা তপন বলেন, “ডিজিটাল নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠানগুলোও বুঝতে পারে না তাদের ক্লায়েন্টদের প্রকৃত সমস্যা কী। এটা ডিজিটাল নিরাপত্তায় আরেকটি সমস্যা।”

বাংলাদেশের আর্থিক খাত সবচেয়ে বেশি ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিতে বলে মনে করেন তথ‌্য-প্রযুক্তির এই বিশেষজ্ঞ।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে এখানে ব্যাংকিং খাত বার বার সাইবার আক্রমণের শিকার হচ্ছে।

“২০১৩ সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়। ২০১৫ সালে কয়েকটি বেসরকারি ব্যাংক আক্রমণের মুখে পড়ে। সোনালী ব্যাংকের সাইট বেশ কয়েক ঘণ্টা সাইবার আক্রমণের কারণে বন্ধ ছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনটি বাণিজ্যিক ব্যাংকের ছয়টি এটিএম বুথ হ্যাকড হয়েছে। সবচেয়ে বড় আক্রমণটি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মাধ্যমে।

“বাংলাদেশে অনলাইন ব্যাংকিং যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে এগুলো বৈশ্বিক চ্যালেঞ্জও বটে। ২০১৩ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকের কিছু এটিএম কার্ড ব্যবহারকারীও সাইবার সন্ত্রাসের শিকার হন। যুক্তরাষ্ট্রে ২০০৯ সালে ভুয়া ডেভিট কার্ডের সাহায্যে এটিএম বুথ থেকে ৯ মিলিয়ন ডলারেরও বেশি তুলে নেওয়া হয়েছে। তাই সমস্যাটা একই সঙ্গে দেশীয় ও বৈশ্বিক।”

অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার প্রযুক্তিখাতের নিরাপত্তায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।   

তিনি বলেন, “আইসিটির ব্যবহার যত বাড়বে তথ্য প্রযুক্তি নিয়ে ঝুঁকিও তত বাড়বে। এই বিষয়টি মাথায় রেখেই সরকার নিরাপত্তামূলক কর্ম পরিকল্পনা নিচ্ছে।

“৬৪টি উপজেলায় সর্বমোট আট হাজার ১৩০ জন সরকারি কর্মকর্তা রয়েছে, যারা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে কানেকটেড বা সংযুক্ত। এটি আইসিটি খাতে সরকারের ব্যাপক কর্মযজ্ঞের উদাহরণ।”

এরইমধ‌্যে সাইবার সিকিউরিটি গাইডলাইন চালুর কথা জানিয়ে সচিব বলেন, সাতটি কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। সাইবার নিরাপত্তার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিষয়ক অভিজ্ঞতা নিতে সরকারের একটি বিশেষজ্ঞ দলের বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “হংকংয়ে গিয়ে তাদের সিকিউরিটি অপারেশন সেন্টার বা এসওসি কার্যক্রম প্রত্যক্ষ করে এসেছি।

“সাতদিনই ২৪ ঘণ্টা সাইবার জগতের তৎপরতা মনিটর করতে তারা চারটি দল কাজ করে। কেউ পর্যবেক্ষণ, কেউ সমস্যা চিহ্নিতকরণ, কেউ সমাধান এবং কেউ আক্রমণ ঠেকাতে কাজ করে। বাংলাদেশে এ ধরনের একটি এসওসি সেন্টার স্থাপনে কাজ করছে সরকার।”

“এভাবে নতুন প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রস্তুতি নিতে হবে,” বলেন শ্যাম সুন্দর।