মোবাইল অপারেটরের বিরুদ্ধে অসম বাণিজ্যের অভিযোগ
ই-কমার্সখাতে মোবাইল অপারেটরগুলো অসম বাণিজ্যের বাজার সৃষ্টি করছে অভিযোগ করে তা ঠেকানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের একটি জোট।
মঙ্গলবার কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে সাংবাদিকদের কাছে ই- কমার্স খাতের অসম প্রতিযোগিতা ও বহুজাতিক কোম্পানিগুলোর একচেটিয়া বাজার দখলের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার।
তিনি বলেন, টেলিকম অপারেটরগুলো নিজেদের ইচ্ছে মতো ইন্টারনেটের দাম নির্ধারণ করছে। ভ্যালু অ্যাডেড সেবাসহ মোবাইল ও ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবা নিজেদের হাতের মুঠোয় নিতে চাচ্ছেত তারা।
গান, সিনেমা, বই, ছবিসহ ব্যক্তিগত মেধাসম্পদকে অনুমতি ছাড়াই বিক্রি করে নিজেদের পকেট ভরছে অভিযোগ করে মোস্তফা জব্বার বলেন, “তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে টেলিকম সেবা দেওয়ার জন্য। অথচ তারা ডিজিটাল সেবার নামে দেশের ই-কমার্স সেবাখাতকে নস্যাৎ করার ষড়যন্ত্রে নেমেছে।
“তাদের কারণে অসম বাজার প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের ক্ষুদ্র ক্ষুদ্র তরুণ উদ্যোক্তার বিপরীতে তাদের বড় বিনিয়োগ হুমকিস্বরূপ।”
এক্ষেত্রে কয়েকটি অপারেটরের কমদামে হ্যান্ডসেট বিক্রি, জিপি অনলাইন শপ, জিপি মিউজিক, অনলাইনে বিল পরিশোধ সেবা জিপে-সহ অন্যান্য সেবার কথা তুলে ধরেন ই-কমার্স খাতের কয়েকজন উদ্যোক্তা।
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, তারা নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের ওয়েবসাইটে বিনামূল্যে ভিজিট করতে দিচ্ছে, নানা অফার দিচ্ছে। ফলে ছোট ছোট কোম্পানিগুলো পিছিয়ে পড়ছে। এটা টেলিকম অ্যাক্ট ২০০১ ও কম্পিটিশন অ্যাক্ট ২০১২ এর বিভিন্ন ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এসব বৈষম্য দূরীকরণে সরকারের সদ্য গঠিত বাংলাদেশ কম্পিটেশন কমিশশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন (বাফকম) নামের নতুন জোট গঠনের ঘোষণা দেন ব্যবসায়ীরা। বেসিস সভাপতি মোস্তফা জব্বারকে নতুন এই জোটের আহ্বায়ক রাখা হয়েছে।
বেসিস ছাড়াও এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, জেসিআই, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ই-ক্যাব, বাক্য, আইএসপিএবি, বাংলাদেশ কপিরাইট ও আইপি ফোরাম, বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশসহ অন্যান্য অ্যাসোসিয়েশন ও ফোরামগুলো বহুজাতিক কোম্পানির একচেটিয়া বাজার দখল বিরোধী এই উদ্যোগের সহযোগী থাকছে বলেও সাংবাদিকদের জানান মোস্তফা জব্বার।
ফারজানা চৌধুরী, ডিসিসিআই এর সহ সভাপতি আতিক রব্বানি, কপিরাইট ও আইপি ফোরামের উপদেষ্টা ও সঙ্গিত শিল্পী মাকসুদুল হক, ডিসিসিআই’র আইসিটি কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, বেসিস ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সোহেল, বিডিজবস ও আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর, বাক্য এর সেক্রেটরি জেনারেল তৌহিদ হোসেন, সব সদাই ডটকমের জানে আলম রাবিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
